নিলামে ৪০০ বছর ধরে লোকচক্ষুর আড়ালে থাকা চিত্রকর্ম, বিক্রি প্রায় ৩৩ কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫ , ০৪:৩৮ পিএম


নিলামে ৪০০ বছর ধরে লোকচক্ষুর আড়ালে থাকা চিত্রকর্ম, বিক্রি প্রায় ৩৩ কোটি টাকা
ডাচ চিত্রশিল্পী পিটার পল রুবেন্সের আঁকা "ক্রুশের উপরে খ্রিস্ট" চিত্রকর্ম। ছবি: এএফপি

প্যারিসের পুরোনো এক প্রাসাদের দেয়ালে প্রায় বিস্মৃত অবস্থায় ঝুলেছিল একটি ক্যানভাস। সেই ক্যানভাসে গাঢ় কালো আকাশের পটভূমিতে আলোকময় এক যিশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ। প্রায় চারশো বছর আগে ফ্লেমিশ বারোক যুগের অন্যতম প্রধান শিল্পী পিটার পল রুবেন্সের হাতে আঁকা যিশু খ্রিস্টকে নিয়ে তেমনই এক চিত্রকর্ম শতাব্দীর পর শতাব্দী ধরে ছিল লোকচক্ষুর আড়ালে। তবে প্রাসাদের নিস্তব্ধতা ভেঙে যখন ছবিটি প্রকাশ্যে এলো, তখন তা কেবল নিলামের টেবিলে উঠলো না, বরং শিল্পের ইতিহাসে এক নতুন অধ্যায়ের জন্ম দিলো। রবিবার ফ্রান্সের এক নিলামে চিত্রকর্মটি বিক্রি হয়েছে ২ দশমিক ৩ মিলিয়ন ইউরোতে বা প্রায় ৩৩ কোটি টাকায়।

বিজ্ঞাপন

১৫৭৭ সালে জন্ম নেওয়া এই কিংবদন্তী চিত্রশিল্পী তার জীবনের সেরা সময়ে, অর্থাৎ ১৬২০ থেকে ১৬২৫ সালের মধ্যে এই ‘ক্রাইস্ট অন দ্য ক্রস’ চিত্রকর্মটি এঁকেছিলেন বলে অনুমান করা হয়।

আরও পড়ুন

সম্প্রতি প্যারিসের নিলামকারী প্রতিষ্ঠান ওসেনা এক বিবৃতিতে জানায়, প্যারিসের এক অভিজাত প্রাসাদে খুঁজে পাওয়ার পর গত রবিবার এটি নিলামে তোলা হয়। ক্যানভাসের পেছনের এই নাটকীয় গল্পটি সংগ্রাহকদের মধ্যে তুমুল আগ্রহ সৃষ্টি করে। নিলামকারী প্রতিষ্ঠান প্রাথমিকভাবে ১০ থেকে ২০ লাখ ইউরোর মধ্যে দাম আশা করলেও, শেষ পর্যন্ত বিক্রি হয় আরও চড়া মূল্যে।

বিজ্ঞাপন

জানা যায়, একসময় ফরাসি চিত্রশিল্পী উইলিয়াম-আদোলফ বুগেরো এটি কিনেছিলেন এবং তার পরিবারের কাছেই এটি সংরক্ষিত ছিল। কিন্তু কালের পরিক্রমায় বুগেরোর বংশধরেরা মনে করতেন, এই ছবিটি হয়তো রুবেন্সের নিজের আঁকা নয়, বরং তার কোনো সহকারী বা কম পরিচিত শিল্পীর কাজ। এমন ভুল ধারণার কারণে স্বাভাবিকভাবেই ছবিটির মূল্য অনেক কম হওয়ার কথা ছিল।

তবে নিলামের আগে ওসেনা কর্তৃপক্ষ একাধিক ধাপে এই চিত্রকর্মের সত্যতা যাচাই করে। জার্মান শিল্প ইতিহাসবিদ এবং রুবেন্স গবেষণা প্রতিষ্ঠান সেন্ট্রাম রুবেনিয়ামে'র প্রেসিডেন্ট নিলস বুটনার এই যাচাই প্রক্রিয়ায় নেতৃত্ব দেন। গবেষকেরা ছবিটির রং ও উপাদান গভীরভাবে পরীক্ষা করতে অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করেন এবং এক্স-রে বিশ্লেষণ করেও নিশ্চিত হন যে, চিত্রকর্মটি সন্দেহাতীতভাবে রুবেন্সেরই আঁকা। ১০৫ দশমিক ৫ বাই ৭৩ দশমিক ৫ সেন্টিমিটার আকারের ক্যানভাসটি আজও বেশ ভালো অবস্থায় সংরক্ষিত আছে।

বিজ্ঞাপন

বিস্ময়কর হলো, রুবেন্সের কোনো চিত্রকর্মের এমন নাটকীয়ভাবে প্রকাশ্যে আসার ঘটনা এবারই প্রথম নয়। এর আগেও ২০০২ সালে তার আঁকা একটি ছবি রেকর্ড পরিমাণ ৭ কোটি ৬০ লাখ ডলারে বিক্রি হয়েছিল। এই ঘটনা আবারও প্রমাণ করলো যে, শিল্পের প্রকৃত মূল্য সময়ের নীরবতা ভেঙে জেগে উঠলে তা সব ধরনের প্রত্যাশাকে ছাপিয়ে যায়।

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission