শীতকালে চুলের যত্নে সবচেয়ে বড় সমস্যার নাম খুশকি। প্রচলিত নানা শ্যাম্পু বা ওষুধ ব্যবহার করেও অনেক সময় এই সমস্যার স্থায়ী সমাধান মেলে না, বরং রাসায়নিকের প্রভাবে চুল ঝরা বা স্ক্যাল্প শুকিয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়।
তবে ঘরোয়া উপায়ে নারকেল তেলের সঠিক ব্যবহারের মাধ্যমে এই নাজেহাল অবস্থা থেকে মুক্তি পাওয়া সম্ভব। ‘টিভি৯ বাংলা’র এক প্রতিবেদন অনুযায়ী, তেল মাখার প্রচলিত নিয়মে কিছুটা পরিবর্তন আনলেই দ্রুত খুশকি দূর করা এবং চুলের স্বাস্থ্য ফেরানো সম্ভব।
খুশকি দূর করতে কারিপাতা ও নারকেল তেলের মিশ্রণ অত্যন্ত কার্যকর। একটি পাত্রে নারকেল তেলের সঙ্গে কিছু কারিপাতা দিয়ে ততক্ষণ ফোটাতে হবে যতক্ষণ না পাতাগুলো তেলের সঙ্গে ভালোভাবে মিশে যায়। এই মিশ্রণটি ছেঁকে নিয়ে চুলের গোড়ায় মালিশ করে এক ঘণ্টা পর নরম শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেললে দ্রুত ফল পাওয়া যায়।
সপ্তাহে অন্তত দুইবার এই পদ্ধতি অনুসরণ করলে খুশকি দূর হওয়ার পাশাপাশি চুলের বৃদ্ধিও ত্বরান্বিত হয়। এছাড়া কারিপাতা বাটার সঙ্গে টক দই মিশিয়ে হেয়ার মাস্ক হিসেবে ব্যবহার করলে চুলের ঘনত্ব বাড়ে। সপ্তাহে একদিন এই মাস্ক মাথায় লাগিয়ে ২০-২৫ মিনিট রেখে ধুয়ে ফেলা চুলের স্বাস্থ্যের জন্য উপকারী।
নারকেল তেলের সঙ্গে তাজা লেবুর রস মিশিয়ে মাথার ত্বকে ম্যাসাজ করাও খুশকি তাড়ানোর একটি পরীক্ষিত পদ্ধতি। এটি শুধু খুশকিই দূর করে না বরং মাথার ত্বকের আর্দ্রতা বা ময়েশ্চার ধরে রাখতেও সাহায্য করে।
এছাড়া সপ্তাহে একদিন সাধারণ শ্যাম্পুর সঙ্গে আপেল সাইডার ভিনেগার মিশিয়ে চুল ধুলে ভালো ফল পাওয়া যায়।
তবে বিশেষজ্ঞদের মতে, নিয়মিত শ্যাম্পু করার পাশাপাশি যদি এসব ঘরোয়া উপায়েও কাজ না হয়, তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। সঠিক যত্ন এবং সচেতনতাই পারে শীতের এই রুক্ষ সময়েও চুলকে ঝলমলে ও খুশকিমুক্ত রাখতে।
আরটিভি/এএইচ





