ফ্রিজে অতিরিক্ত বরফ জমাট বাঁধা বর্তমান সময়ের একটি সাধারণ সমস্যা। অনেক সময় বরফ এত বেশি জমে যায় যে ফ্রিজারের ভেতরের জায়গা কমে যায় এবং খাবার সংরক্ষণ করা কঠিন হয়ে পড়ে।
অতিরিক্ত এই বরফ শুধু জায়গা নষ্ট করে না, বরং ফ্রিজের কার্যকারিতা কমিয়ে দেয় এবং বিদ্যুৎ বিল বহুগুণ বাড়িয়ে দেয়। আধুনিক ফ্রিজগুলোতে ডিফ্রস্ট বোতাম থাকলেও অনেক পুরোনো বা সাশ্রয়ী মডেলে এই সুবিধা থাকে না। তবে ঘরোয়া কিছু সহজ ও নিরাপদ কৌশলে এই সমস্যার সমাধান করা সম্ভব।
ফ্রিজের বরফ পরিষ্কারের প্রাথমিক ও প্রধান শর্ত হলো নিরাপত্তার খাতিরে প্রথমেই বৈদ্যুতিক প্লাগ খুলে নেওয়া। এরপর ফ্রিজের ভেতরের সব খাবার সরিয়ে কোনো কুলার ব্যাগ বা ঠান্ডা স্থানে রাখতে হবে যাতে খাবার নষ্ট না হয়। বরফ দ্রুত গলাতে গরম পানির ভাপ একটি কার্যকর পদ্ধতি। একটি পাত্রে ফুটন্ত গরম পানি নিয়ে ফ্রিজারের ভেতর রেখে দরজা বন্ধ করে ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করলে জমাট বাঁধা বরফ আলগা হতে শুরু করে।
এছাড়া হেয়ার ড্রায়ার ব্যবহার করেও বরফ গলানো সম্ভব। ড্রায়ারটি মাঝারি তাপে রেখে বরফের ওপর গরম বাতাস দিলে তা দ্রুত গলতে থাকে, তবে ড্রায়ার যেন কোনোভাবেই পানির সংস্পর্শে না আসে সেদিকে সতর্ক থাকতে হবে।
বরফ কিছুটা নরম হয়ে এলে প্লাস্টিক বা কাঠের চামচ ব্যবহার করে সাবধানে তা তুলে ফেলা যায়। এক্ষেত্রে কোনোভাবেই ধাতব ছুরি বা ধারালো কোনো বস্তু ব্যবহার করা যাবে না, কারণ এতে ফ্রিজের ভেতরের কুণ্ডলী বা পলিমার ক্ষতিগ্রস্ত হয়ে বড় ধরনের যান্ত্রিক ত্রুটি দেখা দিতে পারে।
বিকল্প হিসেবে গরম পানিতে তোয়ালে ভিজিয়ে বরফের ওপর চেপে ধরা যেতে পারে অথবা ফ্রিজের সামনে ফ্যান চালিয়ে বাতাস প্রবাহের মাধ্যমেও বরফ গলানোর প্রক্রিয়া ত্বরান্বিত করা যায়।
বরফ সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাওয়ার পর ফ্রিজের ভেতরটি ভিনেগার মিশ্রিত পানি বা সাবান পানি দিয়ে ভালোভাবে মুছে নিতে হবে। পরিষ্কার শেষে ফ্রিজারটি পুরোপুরি শুকিয়ে নেওয়া জরুরি, যাতে পুনরায় দ্রুত বরফ না জমে।
সবশেষে প্লাগ লাগিয়ে ফ্রিজ যথেষ্ট ঠান্ডা হওয়ার পর খাবারগুলো ভেতরে সাজিয়ে রাখা উচিত। ভবিষ্যতে অতিরিক্ত বরফ জমা রোধ করতে ফ্রিজের দরজা দীর্ঘক্ষণ খোলা রাখা থেকে বিরত থাকতে হবে এবং দরজার রাবার বা সিল নিয়মিত পরীক্ষা করতে হবে।
এছাড়া খাবার পুরোপুরি ঠান্ডা না করে ফ্রিজে রাখা যাবে না এবং ভেতরে পর্যাপ্ত বাতাস চলাচলের জন্য অতিরিক্ত খাবার ঠাসাঠাসি করে রাখা থেকে বিরত থাকতে হবে।
নিয়ম মেনে নিয়মিত ফ্রিজ পরিষ্কার রাখলে এটি দীর্ঘদিন ভালো সেবা দেবে এবং বিদ্যুৎ খরচও নিয়ন্ত্রণে থাকবে।
আরটিভি/এএইচ




