নার্সারি বা দোকান থেকে চারা গাছ কিনে এনে বাড়িতে যত্ন নেওয়ার পরও অনেক সময় গাছ মরে যায় বা শুকিয়ে যায়। নিয়মিত পানি, রোদ ও যত্ন নেওয়ার পরও গাছ বাঁচে না—এ নিয়ে অনেকেরই হতাশা দেখা যায়। তবে বিশেষজ্ঞদের মতে, কিছু সাধারণ ভুলের কারণেই এমনটা ঘটে।
প্রথমেই গাছের পরিবেশ পরিবর্তন বড় একটি কারণ। নার্সারিতে থাকা অবস্থায় গাছ নির্দিষ্ট আলো, পানি ও তাপমাত্রার সঙ্গে মানিয়ে থাকে। হঠাৎ করে সেই পরিবেশ বদলে গেলে গাছ ‘শক’ খায়। তাই কিনে আনার পর সঙ্গে সঙ্গে টব বা মাটি পরিবর্তন না করে অন্তত দুই সপ্তাহ সময় দিয়ে গাছকে নতুন পরিবেশে মানিয়ে নিতে দেওয়া উচিত।
দ্বিতীয়ত, সঠিক টব ও মাটি নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় ছোট পলিথিন বা টবে থাকা চারা সরাসরি বড় টবে না বসিয়ে ভুল করা হয়। চারা বড় হলে ধীরে ধীরে বড় টবে স্থানান্তর করা উচিত। মাটির ক্ষেত্রে বালি, কোকোপিট ও জৈব সার মিশিয়ে উপযুক্ত মিশ্রণ তৈরি করলে গাছ ভালোভাবে বেড়ে ওঠে।
তৃতীয়ত, গাছের জন্য সঠিক স্থান নির্বাচন না করাও একটি বড় ভুল। সব গাছ একই রকম আলো বা ছায়ায় বাঁচে না। রোদপ্রিয় গাছ ছায়াযুক্ত জায়গায় রাখলে তা ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। তাই গাছ কেনার আগে তার প্রয়োজন অনুযায়ী আলো, বাতাস ও জায়গা নির্বাচন করা জরুরি।
চতুর্থত, অনেকেই চারা গাছকে সার না দিয়ে রাখেন বা ভুল সার ব্যবহার করেন। বিশেষজ্ঞদের মতে, ছোট গাছে রাসায়নিক সার না দিয়ে প্রাকৃতিক সার ব্যবহার করা ভালো। সবজি খোসা, ডিমের খোসা ইত্যাদি দিয়ে তৈরি জৈব সার গাছের জন্য উপকারী।
বিশেষজ্ঞরা বলছেন, গাছ বাঁচাতে হলে ধৈর্য, সঠিক পরিবেশ ও নিয়মিত পরিচর্যা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সামান্য ভুলেই সুন্দর চারা গাছ নষ্ট হয়ে যেতে পারে।
আরটিভি/জেএমএ



