বিয়ের পর সংসারের দায়িত্ব, হিসাব আর নিয়মের মধ্যে অনেক পুরুষই নিজের মতো সময় পান না। তাই স্ত্রী কয়েক দিনের জন্য বাবার বাড়ি গেলে অনেক স্বামী হঠাৎ করেই যেন পুরনো স্বাধীন জীবনের স্বাদ পান। রাত জেগে খেলা দেখা, বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া বা নিজের মতো সময় কাটানো তখন বেশ উপভোগ করেন তারা।
বকাঝকা থেকে সাময়িক ছুটি
সংসারে ছোট ছোট বিষয় নিয়েই প্রায় প্রতিদিন কথা কাটাকাটি হয়। কখন খেতে হবে, কোথায় কী রাখা হলো, দেরি করে ফেরা— এসব নিয়েই চলে টুকটাক ঝামেলা। স্ত্রী বাড়িতে না থাকলে কিছুদিনের জন্য এসব শুনতে হয় না। তাই অনেক স্বামী মনে মনে একটু স্বস্তি অনুভব করেন।
বন্ধুদের সঙ্গে বাড়তি সময়
স্ত্রী বাবার বাড়ি গেলেই অনেকের কাছে সেটা যেন বন্ধুদের উৎসব হয়ে যায়। তখন আড্ডা, চা খাওয়া, গল্প বা খেলাধুলায় সময় কাটে বেশি। সংসারের চাপ কিছুটা কমে যাওয়ায় নিজেদের অনেক হালকা লাগে তাদের।
কয়েক দিন পরই বদলে যায় অনুভূতি
শুরুর আনন্দ বেশিদিন থাকে না। কয়েক দিন যেতে না যেতেই ফাঁকা বাসা, নিঃশব্দ ঘর আর একা খাওয়ার কষ্ট টের পেতে শুরু করেন অনেক স্বামী। তখন স্ত্রীর ছোট ছোট অভ্যাস, বকাঝকা কিংবা খোঁজ নেওয়ার বিষয়গুলোও মিস করতে থাকেন তারা।
ভালোবাসা কমে যায় না
মনোবিজ্ঞানীরা বলছেন, এটা ভালোবাসা কমে যাওয়ার লক্ষণ নয়। বরং দীর্ঘদিন একসঙ্গে থাকার কারণে মানুষ মাঝে মধ্যে নিজের মতো কিছু সময় চায়। আবার সেই দূরত্বই বুঝিয়ে দেয়, জীবনে একজন মানুষ কতটা গুরুত্বপূর্ণ।
দূরত্বেই বোঝা যায় সম্পর্কের মূল্য
অনেক স্বামী প্রথমে স্বাধীনতায় খুশি হলেও শেষ পর্যন্ত স্ত্রীর অনুপস্থিতিই বেশি অনুভব করেন। কারণ সংসারে একজন মানুষ ধীরে ধীরে অভ্যাসে পরিণত হন। তাই দিনের শেষে সেই পরিচিত কণ্ঠটাই সবচেয়ে বেশি মনে পড়ে— শোনো, আমি কাল বাসায় ফিরছি।
আরটিভি/জেএমএ



