আন্তর্জাতিক সংস্থায় চাকরি করার স্বপ্ন অনেকেরই থাকে। আকর্ষণীয় কাজের পরিবেশ, বৈশ্বিক পরিসরে কাজের সুযোগ এবং মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার সুযোগ—সব মিলিয়ে এই খাত তরুণদের কাছে বেশ জনপ্রিয়। তবে কীভাবে এই ধরনের সংস্থায় চাকরি পাওয়া যায়, সে বিষয়ে অনেকেরই স্পষ্ট ধারণা থাকে না।
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক সংস্থায় চাকরি পাওয়ার জন্য শুধু ভালো ফলাফল থাকলেই হয় না। প্রয়োজন সঠিক পরিকল্পনা, প্রাসঙ্গিক অভিজ্ঞতা এবং কিছু গুরুত্বপূর্ণ দক্ষতা।
কোথায় পাওয়া যাবে চাকরির খবর?
আন্তর্জাতিক সংস্থাগুলোর চাকরির বিজ্ঞপ্তি নিয়মিত প্রকাশ করা হয় তাদের অফিসিয়াল বিভিন্ন চাকরির প্ল্যাটফর্মে। আবেদন করার আগে নিজের দক্ষতা ও অভিজ্ঞতার সঙ্গে মিল আছে এমন পদ নির্বাচন করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
শুধু ডিগ্রি নয়, দরকার বাস্তব দক্ষতা
এই খাতে কাজ করতে হলে পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা, বিভিন্ন সংস্কৃতির মানুষের সঙ্গে কাজ করার দক্ষতা, বিশ্লেষণী চিন্তাশক্তি এবং অন্যের প্রতি সহানুভূতিশীল মনোভাব থাকতে হয়। কারণ আন্তর্জাতিক সংস্থাগুলো এমন কর্মী খোঁজে, যারা বিভিন্ন পরিবেশে দক্ষতার সঙ্গে কাজ করতে পারেন।
অভিজ্ঞতার বিকল্প নেই
শুধু আগ্রহ থাকলেই হবে না, যে ক্ষেত্রে কাজ করতে চান সেই বিষয়ে বাস্তব অভিজ্ঞতাও থাকতে হবে। মাঠপর্যায়ে কাজ, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম, গবেষণা, প্রশিক্ষণ বা শিক্ষানবিশের অভিজ্ঞতা চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বাড়িয়ে দেয়।
পরিচিতি বাড়ানোও গুরুত্বপূর্ণ
কর্মজীবনে ধীরে ধীরে অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি পেশাগত যোগাযোগ তৈরি করাও জরুরি। স্থানীয় পর্যায় থেকে শুরু করে ধাপে ধাপে বড় সংস্থায় কাজের সুযোগ তৈরি হতে পারে। তবে পরিচিতি থাকলেও শুধু সুপারিশের ভিত্তিতে চাকরি পাওয়া যায় না। লিখিত ও মৌখিক মূল্যায়নসহ প্রতিযোগিতামূলক নির্বাচন প্রক্রিয়ায় উত্তীর্ণ হতে হয়।
জীবনবৃত্তান্ত হতে হবে প্রাসঙ্গিক
আন্তর্জাতিক সংস্থাগুলোতে আবেদন করার সময় জীবনবৃত্তান্তে শুধু শিক্ষাগত যোগ্যতা নয়, পদের সঙ্গে সম্পর্কিত অভিজ্ঞতাও স্পষ্টভাবে তুলে ধরতে হবে। প্রাসঙ্গিক অভিজ্ঞতা না থাকলে প্রাথমিক বাছাইয়েই বাদ পড়ার ঝুঁকি থাকে।
বেতনই সব নয়
অনেকেই মনে করেন আন্তর্জাতিক সংস্থার চাকরি মানেই উচ্চ বেতন ও বিলাসী জীবন। বাস্তবে এই ধারণা পুরোপুরি সঠিক নয়। অনেক ক্ষেত্রে দীর্ঘ সময় কাজ করতে হয়, দায়িত্বও থাকে বেশি। কখনো কখনো পরিবার থেকে দূরে থেকেও দায়িত্ব পালন করতে হতে পারে। তাই এই খাতে টিকে থাকতে হলে দক্ষতা, অভিজ্ঞতা এবং যোগাযোগ—সবকিছুরই গুরুত্ব রয়েছে।
কী যোগ্যতা থাকলে সুযোগ বাড়বে?
প্রাথমিক পর্যায়ের চাকরির জন্য সাধারণত স্নাতক ডিগ্রি প্রয়োজন হয়। তবে মধ্যম ও উচ্চ পর্যায়ের অনেক পদে স্নাতকোত্তর ডিগ্রি চাওয়া হয়। গবেষণা বা নীতিনির্ধারণী কাজের ক্ষেত্রে উচ্চতর ডিগ্রিও প্রয়োজন হতে পারে।
পাশাপাশি শিক্ষানবিশ, ফেলোশিপ, স্বেচ্ছাসেবামূলক কাজ, গবেষণা, লেখালেখি এবং জনসমক্ষে বক্তব্য দেওয়ার অভিজ্ঞতা থাকলে চাকরি পাওয়ার সম্ভাবনা আরও বাড়ে।
কেন আন্তর্জাতিক সংস্থায় কাজ করবেন?
এই খাতে কাজের সবচেয়ে বড় সুবিধা হলো মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার সুযোগ। জলবায়ু পরিবর্তন, দারিদ্র্য দূরীকরণ, শিক্ষা, স্বাস্থ্য বা মানবিক সহায়তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের মানুষের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও অর্জন করা যায়।
নিজেকে যেভাবে প্রস্তুত করবেন
বিশেষজ্ঞদের পরামর্শ, আন্তর্জাতিক সংস্থায় ক্যারিয়ার গড়তে চাইলে শুরু থেকেই মাঠপর্যায়ে অভিজ্ঞতা অর্জন, পেশাগত যোগাযোগ বাড়ানো, বৈশ্বিক বিভিন্ন ইস্যু সম্পর্কে নিয়মিত জানার অভ্যাস এবং বৈচিত্র্যময় পরিবেশে কাজ করার মানসিকতা গড়ে তুলতে হবে। একই সঙ্গে নতুন দক্ষতা শেখা এবং পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার অভ্যাসই এই খাতে সফল হওয়ার অন্যতম চাবিকাঠি।
আরটিভি/জেএমএ




