২০২৬ বিশ্বকাপ শুরু হতে আর দেড় মাস বাকি, কিন্তু এখনও অনিশ্চিত ইরানের অংশগ্রহণ। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের কারণে বিশ্বকাপে নিজেদের ম্যাচের ভেন্যু পরিবর্তনের জন্য ফিফার কাছে আবেদন জানিয়েছিল তারা। তবে ইরানের সেই আবেদনে গুরুত্ব দেয়নি ফিফা। যার ফলে পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। এ জন্য ফিফার সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে ইরান ফুটবল ফেডারেশন।
সম্প্রতি কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে অংশ নেওয়ার কথা ছিল ইরানি প্রতিনিধিদের। তবে টরন্টো বিমানবন্দরে কানাডিয়ান ইমিগ্রেশন কর্তৃপক্ষের আচরণের কারণে তারা দেশে ফিরে যেতে বাধ্য হন।
দেশে ফিরে ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ জানান, ফিফার সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার প্রয়োজন রয়েছে। তিনি বলেন, 'আমাদের অনেক বিষয় নিয়ে কথা বলতে হবে। শিগগিরই আমরা ফিফার সঙ্গে বৈঠকে বসবো।
আন্তর্জাতিক ক্রীড়া মাধ্যমের খবরে জানা গেছে, ফিফার সাধারণ সম্পাদক মাতিয়াস গ্রাফস্ট্রোম ইরানকে আগামী ২০ মের মধ্যে জুরিখে আলোচনায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।
গত ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর দেশটির বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। নিরাপত্তা ইস্যুতে যুক্তরাষ্ট্রে খেলতে আপত্তি জানিয়ে ভেন্যু পরিবর্তনের অনুরোধও করেছিল ইরান। তবে সেই প্রস্তাবে সাড়া দেয়নি ফিফা।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো একাধিকবার জানিয়েছেন, সূচি অনুযায়ী ইরান যুক্তরাষ্ট্রেই তাদের ম্যাচগুলো খেলবে এবং বিশ্বকাপে অংশ নেবে।
ইরান এরই মধ্যে এশিয়ান বাছাইপর্বে নিজেদের গ্রুপে শীর্ষে থেকে টানা চতুর্থবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। বিশ্বকাপের গ্রুপ ‘জি’-তে ইরানের প্রতিপক্ষ বেলজিয়াম, মিশর ও নিউজিল্যান্ড। তাদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস ও সিয়াটলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্ভাব্যভাবে নকআউট পর্বে ডালাসে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হওয়ার সুযোগও তৈরি হতে পারে।
আরটিভি/এসআর




