বিশ্বকাপ টিকিটের দাম তিনগুণ বাড়ালো ফিফা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬ , ১২:৫২ পিএম


বিশ্বকাপ টিকিটের দাম তিনগুণ বাড়ালো ফিফা
ছবি: সংগৃহীত

আগামী ১১ জুন মাঠে গড়াবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। ৪৮ দলের এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে। আর এই ফাইনালের টিকিট বিক্রি শুরু করেছে ফিফা। কিন্তু হঠাৎ টিকিটের দাম তিনগুণ বাড়িয়েছে সংস্থাটি। 

বৃহস্পতিবার (৭ মে) ফাইনালের জন্য ৩২,৯৭০ ডলারের টিকিট বিক্রির জন্য তোলা হয়। এর আগে একই ক্যাটাগরির সর্বোচ্চ দাম ছিল ১০,৯৯০ ডলার। এই পরিস্থিতিতে মার্কিন কংগ্রেসের দুই সদস্য নেলি পু ও ফ্র্যাংক পালোনি জুনিয়র ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনোকে চিঠি দিয়েছেন। 

তারা লিখেছেন, আমরা গভীরভাবে উদ্বিগ্ন যে ফিফা অস্বচ্ছ মূল্য নির্ধারণ, নিয়ম পরিবর্তন এবং সম্ভাব্য বিভ্রান্তিমূলক পদ্ধতি ব্যবহার করছে, যা ভক্তদের জন্য টিকিট পাওয়া কঠিন করে তুলছে।

আরও পড়ুন

ইনফান্তিনো আগেই বলেছিলেন, আমাদের বাজারের দাম ধরতে হবে। আমেরিকায় টিকিট রিসেল করা বৈধ। কম দামে দিলে সেগুলো আরও বেশি দামে বিক্রি হবে।’ 

তিনি এটাও বলেছিলেন, আমেরিকায় কলেজের একটি খেলা দেখতেও ৩০০ ডলারের কম লাগে না। তবে বাস্তবে এনবিএ প্লেঅফসহ বিভিন্ন খেলার টিকিট নিয়মিতভাবে ৩০০ ডলারের কমে পাওয়া যাচ্ছে।

ফিফার রিসেল মার্কেটে পরিস্থিতি আরও উদ্ভট। সেখানে ফাইনালের একটি টিকিট ১ কোটি ১৫ লাখ ডলারেও তোলা আছে। উপরের দিকের একটি সাধারণ আসনের জন্য এই দাম চাওয়া হচ্ছে। ফিফা এই দামের নিয়ন্ত্রণ করে না, তবে প্রতিটি টিকিট কেনা ও বেচার সময় ১৫ শতাংশ করে ফি নেয়।

আরও পড়ুন

অন্যান্য ম্যাচের টিকিটের দামও কম নয়। যুক্তরাষ্ট্রের প্রথম ম্যাচ প্যারাগুয়ের বিপক্ষে ১২ জুনের টিকিট সর্বনিম্ন ১,১২০ ডলার থেকে শুরু। সেমিফাইনালের টিকিট ২,৭০৫ থেকে ১১,১৩০ ডলার পর্যন্ত।

এর আগে মেটলাইফ স্টেডিয়ামে যাওয়ার ট্রেনের ভাড়া নিয়েও বিতর্ক হয়েছে। প্রথমে রাউন্ড ট্রিপ ভাড়া ১৫০ ডলার ধরা হয়েছিল। নিউজার্সির গভর্নর চাপ দেওয়ার পর তা কমিয়ে ১০৫ ডলার করা হয়েছে। তবুও এটা স্বাভাবিক ভাড়া ১৩ ডলারের তুলনায় অনেক বেশি।

মেটলাইফ স্টেডিয়ামে মোট আটটি বিশ্বকাপ ম্যাচ হবে। ব্রাজিল, ফ্রান্স, জার্মানি ও ইংল্যান্ডের গ্রুপ পর্বের ম্যাচ ১৩ জুন থেকে শুরু হবে।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission