মাদারীপু‌রে ২ গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ৪০

আরটিভি নিউজ

সোমবার, ১৪ এপ্রিল ২০২৫ , ০৩:৩৮ পিএম


মাদারীপু‌রে ২ গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ৪০
ছবি: সংগৃহীত

মাদারীপুরের রাজৈর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ গ্রামবাসীর মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশসহ আহত হয়েছেন উভয়পক্ষের কমপক্ষে ৪০ জন। রোববার রাতে উপজেলার পশ্চিম রাজৈর ও বদরপাশা গ্রামবাসীর মধ্যে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

সোমবার (১৪ এপ্রিল) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজৈর থানার ওসি মোহাম্মদ মাসুদ খান।

স্থানীয়রা জানান, সংঘর্ষের সময় রাজৈর বাজারের কমপক্ষে ১০টি দোকানে ভাঙচুর চালানো হয়েছে। এ ছাড়াও এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঈদ পরবর্তী সময় গত ২ এপ্রিল রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর ফুচকা ব্রিজ এলাকায় বাজি ফাটায় বদরপাশা গ্রামের আতিয়ার আকনের ছেলে জুনায়েদ আকন ও তার বন্ধুরা। এ সময় ওই গ্রামের মোয়াজ্জেম খানের ছেলে জোবায়ের খান ও তার বন্ধুরা মিলে তাদের বাধা দেয়। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। 

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দারা আরও জানান, গত ৩ এপ্রিল সকালে রাজৈর বেপারিপাড়া মোড়ে জোবায়েরকে একা পেয়ে পিটিয়ে তার ডান পা ভেঙে দেয় জুনায়েদ ও তার লোকজন। পরে আহত জোবায়েরের বড় ভাই অনিক খান (৩১) বাদী হয়ে জুনায়েদসহ ৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৪ থেকে ৫ জনকে আসামি করে রাজৈর থানায় একটি মামলা করেন। এর জেরে রোববার রা‌তে চতুর্থ দিনের মতো ২ গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। প্রায় ৩ ঘণ্টাব্যাপী চলে এ সংঘর্ষ। 

পরে খবর পেয়ে রাজৈর থানার পুলিশ, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও র‌্যাব এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে পুলিশসহ অন্তত ৪০ জন আহত হন। আহতদের মধ্যে ১০ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, বাকিদের বিভিন্ন প্রাইভেট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। 

বিজ্ঞাপন

এ বিষয়ে রাজৈর থানার ওসি মোহাম্মদ মাসুদ খান বলেন, চতুর্থ দিনের মতো ২ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে পুলিশ, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও র‌্যাব গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।      

আরটিভি/এমকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission