ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জলোচ্ছ্বাসে বেহাল সড়ক, নিঝুমদ্বীপে ভ্রমণে আসা পর্যটকদের দুর্ভোগ

ইসমাইল হোসন কিরন

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪, ০২:১৩ পিএম
ছবি : আরটিভি

জোয়ারের তীব্র স্রোতে ভেঙে গেছে পাকা সড়কের অনেকাংশ। ভাঙা অংশ দিয়ে পানি প্রবাহিত হয়ে খালে পরিণত হয়েছে। আবার কিছু কিছু জায়গায় সড়কের ওপর নির্মিত ব্রিজ ভেঙে পড়ে আছে অনেকদিন ধরে। ১০ কিলোমিটার পুরো সড়ক বেহাল। এতে চরম ভোগান্তিতে পড়ছে নোয়াখালী হাতিয়ার সম্ভাবনাময় পর্যটনকেন্দ্র নিঝুমদ্বীপের বাসিন্দারা। যার ফলে আসছে শীতে পর্যটক সংকটে অর্থনৈতিক ভাবে চরম ক্ষতির মধ্যে পড়তে পারে এই শিল্পের সঙ্গে জড়িত ব্যবসায়ীরা।

সরেজমিনে দেখা যায়, নিঝুমদ্বীপের বন্দরটিলা ঘাট থেকে নামার বাজার পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার পাকা রাস্তায় অনেকগুলো ব্রিজ কালভার্ট রয়েছে। অব্যাহত সামুদ্রিক জলোচ্ছ্বাসের প্রবল স্রোতে গুরুত্বপূর্ণ সড়কটির ওপর দিয়ে গড়িয়েছে। দীর্ঘদিন পর্যন্ত কোনো কাজ না হওয়ায় সড়কটিতে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। পুরো সড়কটির ধ্বংস চিত্র যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। রাস্তায় অবর্ণনীয় দুর্ভোগের কারণে স্থবির হয়ে পড়েছে মানুষের জীবনযাত্রা।

নিঝুমদ্বীপ নামার বাজার থেকে বন্দরটিলা রুটে মোটরসাইকেলে যাত্রী পরিবহন করে জীবিকা নির্বাহ করে সুলতান আহাম্মেদ। তিনি জানান, ঘূর্ণিঝড়ে অস্বাভাবিক জোয়ারে ছোঁয়াখালি এলাকার ব্রিজটি ভেঙে পড়েছে। এতে নামার বাজার থেকে বন্দরটিলা পর্যন্ত সড়কে যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে স্থানীয়রা একটি কাঠের ব্রিজ তৈরি করে তা দিয়ে চলাচল করছে। কিন্তু সেই ব্রিজও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

সুলতান আরও জানান, নিঝুমদ্বীপ ভ্রমণে আসা পর্যটকরা এই রাস্তা দিয়ে নামার বাজার যান। নামার বাজার হলো বিচ এলাকা ও থাকার জন্য হোটেল জোন। কিন্তু প্রধান সড়কের এই অবস্থা পর্যটকদের মধ্যে বিরূপ মনোভাব তৈরি করছে।

প্রধান সড়কের বন্দরটিলা বাজারের দক্ষিণ পাশে আরও একটি ব্রিজ ভেঙে পড়তে দেখা যায়। স্থানীয়রা তার পাশ দিয়ে বিকল্প সড়ক তৈরি করে চলাচল করছে। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে মালামাল পরিবহনে নিয়োজিত শ্রমিকদের।

টমটম (মালামাল পরিবহনের ছোট গাড়ি) গাড়ীর মালিক জসিম উদ্দিন জানান, প্রতিদিন ভাঙা ব্রিজের এই পাশে মালামাল গাড়ি থেকে নামিয়ে মাথায় বহন করে অপর প্রান্তে নিতে হয়। ভাঙা ব্রিজের পাশ দিয়ে তৈরি বিকল্প সড়ক দিয়ে খালি গাড়ি পার করতেও অনেক কষ্ট হয়। এতে অধিক সময় ও অনেক দুর্ভোগ পোহাতে হয়।

বন্দর টিলা বাজারের পল্লী চিকিৎসক বেলাল উদ্দিন বলেন, গত দশ বছর সড়কটির এই অবস্থা। অনেক জায়গায় সড়কের অংশ ভেঙে খালে পড়ে আছে। ১০ কিলোমিটার পুরো রাস্তাটি সিসি ঢালাই। কিন্তু গত কয়েক বছর অস্বাভাবিক জোয়ারের রাস্তার ওপর দিয়ে পানি গড়িয়েছে। এতে অনেক জায়গায় পাকা অংশ উঠে গিয়ে গর্ত তৈরি হয়েছে। দু-একটি রিকশা ও সিএনজি চলাচল করছে তাও ঝাঁকুনির কারণে বসে থাকা যায় না। রোগী ও গর্ভবতী মায়েদের চলাচল একেবারেই করা যায় না।

নিঝুমদ্বীপ নামার বাজার হোটেল মালিক সমিতির সভাপতি মো. ইব্রাহীম বলেন, প্রধান সড়কের দুরবস্থার কারণে পর্যটকদের নিঝুমদ্বীপে ভ্রমণ অনেক কমে গেছে। পুরো রাস্তায় গর্ত, গাড়ি চলাচলের ব্যবস্থা নেই। মানুষের সীমাহীন দুর্ভোগ হচ্ছে। চলাচলে ভোগান্তির মাত্রা জানতে পেরে ধীরে ধীরে লোপ পাচ্ছে পর্যটকদের আনাগোনা। এ বছরও যদি গতবারের মত পরিস্থিতি হয় তাহলে ব্যবসা ধরে রাখা যাবে না।

তিনি আরও বলেন, মোক্তারিয়া ঘাট থেকে জাহাজমারা পর্যন্ত রাস্তা এবং নিঝুমদ্বীপ ১০ কিলোমিটার রাস্তা অতি দ্রুত কাজ না করলে পর্যটন সম্ভাবনাময় নিঝুমদ্বীপের নাম মুছে যাবে। কর্তৃপক্ষের কাছে আবেদন, জনদুর্ভোগ দূরীকরণে শিগগিরই কার্যকর ব্যবস্থা গ্রহণ অপরিহার্য।

হাতিয়া উপজেলা প্রকৌশলী মো. সাজ্জাদুল ইসলাম বলেন, নিঝুমদ্বীপে ৪৫ মিটারের একটি ব্রিজ ও ২টি কালভার্ট ধসে রাস্তা বিচ্ছিন্ন হলেও সাময়িকভাবে বিকল্প রাস্তা করে মোটামুটি সংযোগ করা হয়েছে। বিশ্বব্যাংকের একটি প্রকল্পের মাধ্যমে নিঝুমদ্বীপের প্রধান সড়কের উন্নয়নে ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে এই প্রকল্প বাস্তবায়ন হবে।

আরটিভি/এএএ/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নরসিংদীতে নবজাতকের মরদেহ উদ্ধার
নরসিংদীর রায়পুরায় এক নবজাতক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে উপজেলার শ্রীনগর ইউনিয়নের মরা নদী থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে শ্রীনগর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের পেছনে থাকা একটি মরা নদীর পাড়ে খেলতে যায় কয়েকজন শিশু। সেখানে ব্যাগে থাকা ওই নবজাতককে দেখতে পায় একজন। পরে খবর পেয়ে বিকেলে পুলিশ ঘটনাস্থল গিয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশের ধারণা গত রাতের কোনো একসময় অজ্ঞাত ব্যক্তি ওই নবজাতককে কাদাপানিতে ফেলে রেখে গেছে।  এ বিষয়ে রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) শাহজাহান বলেন, স্থানীয় লোকজন ও চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে দেখতে পাই শরীরে কাদাপানি লাগানো একদিন বয়সী একটি মেয়ে বাচ্চার মরদেহ। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শিশুটির মরদেহ থানায় নিয়ে আসা হয়। আরটিভি/এফএ/এআর
নরসিংদীতে নবজাতকের মরদেহ উদ্ধার
পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু
কুমিল্লার চান্দিনায় পুকুরে ডুবে সামিয়া আক্তার (৩) ও হামিদা আক্তার (২) নামে দুই বোনের মৃত্যু হয়েছে।  মঙ্গলবার (৩১ ডিসেম্বর) উপজেলার মাইজখার পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। মৃতরা মাইজখার গ্রামের সুজন মিয়ার মেয়ে। দুই শিশুর চাচা খোকন মিয়া জানান, মঙ্গলবার সকালের পরিবারের সদস্যদের অগোচরে খেলতে গিয়ে সামিয়া ও হামিদা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। দীর্ঘসময় ধরে স্বজনরা তাদের না দেখে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে ভাসমান অবস্থায় দেখে তাদের উদ্ধার করেন। পরে দ্রুত তাদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জেনেছি। বিস্তারিত পরে জানাতে পারব। আরটিভি/এফএ/এআর
পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু
টেকনাফে অপহৃত ১৮ বনকর্মী উদ্ধার
কক্সবাজারের টেকনাফে অপহৃত ১৮ বনকর্মীকে অবশেষে উদ্ধার করা হয়েছে।  মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে টেকনাফের গহীন পাহাড় থেকে তাদের উদ্ধার করে র‍্যাব। উদ্ধার হাওয়া বনকর্মীরা হলেন- ফরেস্টার সাইফুল ইসলাম (২২), সৈয়দ (৫০), রফিক, আইয়ুব খান (১৮), আইয়ুব আলী (৫০), আনসার উল্ল্যাহ (১৮), আয়াত উল্লাহ (২২), সামছু (৪৫), ইসলাম (২১), সামছু (৪০), ইসমাইল (৩৫), মোহাম্মদ হাসিম (৪০), নূর মোহাম্মদ (২১), সৈয়দ আমিন (৩০), সফি উল্লাহ (৩০), আইয়ুব (৫০), মাহাতা আমিন (১৮)। আরও দুজনের নাম পাওয়া যায়নি। এদের মধ্যে অনেকে রোহিঙ্গা আছেন বলে জানা গেছে।  র‌্যাব-১৫–এর সিনিয়র সহকারী পরিচালক মো. কামরুজ্জামান ও টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, সোমবার সকাল ১০টার দিকে জাদিমোরা পাহাড়ে বনে বন বিভাগের হয়ে গাছের চারা রোপণের কাজ করার সময় অস্ত্রের মুখে শ্রমিকদের তুলে নিয়ে যাওয়া হয়। অপহরণের শিকার শ্রমিকদের পরিবারের কাছে জনপ্রতি এক লাখ টাকা করে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। পরে তাদের উদ্ধারে মঙ্গলবার সকাল থেকে হ্নীলার জাদিমোরা পাহাড়ে অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরে মঙ্গলবার বিকেলে টেকনাফ গহীন পাহাড় থেকে ১৮ জনকে উদ্ধার করা হয়। অভিযান এখনো চলমান। এর আগে সোমবার (৩০ ডিসেম্বর) টেকনাফের জাদিমুড়া এলাকায় পাহাড়ি এলাকা থেকে ১৯ বনকর্মীকে অপহরণ করে অস্ত্রধারীরা। অপহরণের পর থেকে মুক্তিপণ হিসেবে তাদের পরিবারের কাছে ফোন করে জনপ্রতি এক লাখ টাকা করে মোট ১৯ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। আরটিভি/এফএ/এআর
টেকনাফে অপহৃত ১৮ বনকর্মী উদ্ধার
ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতনকাঠামো তৈরি করেছি: ধর্ম উপদেষ্টা
ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতনকাঠামো তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের বরিশাল বিভাগীয় কার্যালয়ে ইমাম-মুয়াজ্জিনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। ধর্ম উপদেষ্টা বলেন, ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতনকাঠামো তৈরি করেছি। দ্রুততম সময়ের মধ্যে মন্ত্রিপরিষদে প্রেরণ এবং প্রধান উপদেষ্টার অনুমতিক্রমে গেজেট প্রকাশ করা হবে। বেতন কাঠামো হবে ২০১৫ সালের পে-স্কেল অনুযায়ী। এতে মসজিদসংলগ্ন এলাকায় ইমাম-মুয়াজ্জিনদের বাসা এবং উৎসব ভাতার প্রস্তাব রাখা হয়েছে। তিনি বলেন, ইমাম-মুয়াজ্জিনদের ব্যবসা করার জন্য বিনা সুদে ঋণ দেওয়া হচ্ছে। রোগে আক্রান্ত ইমাম-মুয়াজ্জিনদের বড় অঙ্কের টাকা দেওয়া হবে, যা ফেরত দিতে হবে না। তিনি আরও বলেন, গ্রুপিং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের মধ্যেও আছে। কখনো শুনেছেন তারা মারামারি করেছে। আমরা মুসলমানরা একদল আরেক দলকে পিটিয়ে মেরে ফেলি। আপনারা (ইমাম-মুয়াজ্জিনরা) যখন মিথ্যা বিবৃতি দেন তখন আমাদের মন ভেঙে যায়। এতে আমাদের ভাবমূর্তি বিদেশে বিনষ্ট হচ্ছে। ধর্ম উপদেষ্টা বলেন, সরকার দেশ সংস্কারের কাজ করছে। সংস্কার শেষ হলে নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হবে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করব এবং আমরা বিদায় নেব। এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন ঐক্য। প্রতিটি মানুষের অধিকার সমান। অধিকার সুরক্ষার জন্য বাংলাদেশ সরকার অঙ্গীকারবদ্ধ। আরটিভি/এফএ
ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতনকাঠামো তৈরি করেছি: ধর্ম উপদেষ্টা
ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
চট্টগ্রামের লোহাগাড়ায় সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেলচালকও। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া এলাকায় এ ঘটনা ঘটে।  নিহত যুবকের নাম শাহিনুল ইসলাম শোয়াইব (২৪)। তিনি উত্তর আধুনগর বেপারি পাড়ার নাজিম উদ্দীনের পুত্র। শোয়াইব চট্টগ্রাম মহসিন কলেজের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সম্পৃক্ত ছিল বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন শোয়াইবের বন্ধু মোটরসাইকেলচালক সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের দক্ষিণ গারাংগিয়া আলোরঘাট এলাকার মোহাম্মদ ইদ্রিসের পুত্র মোহাম্মদ তারেক (২৪)। তিনি উপজেলার বেসরকারি হাসপাতাল সাউন্ড হেলথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।  স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম অভিমুখী মোটরসাইকেলটি দ্রুতগতিতে একটি সিএনজি অটোরিকশাকে ওভারটেক করতে গেলে মোটরসাইকেলচালক নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে রাস্তার বাইরে পড়ে যান। মোটরসাইকেলের পিছনে থাকা আরোহী শোয়াইব কক্সবাজার অভিমুখী ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, সিএনজি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ট্রাকটি দোহাজারী হাইওয়ে থানার হেফাজতে নিয়ে আসা হয়েছে। আরটিভি/এফএ
ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
আরও পড়ুন
ট্যুরিস্ট পুলিশের দাবিতে নিঝুমদ্বীপে মানববন্ধন
হাতিয়ায় পাঁচ শিক্ষককে বিদায় সংবর্ধনা দিলো শিক্ষার্থীরা
হাতিয়ায় পোড়ানো হলো ৩ লাখ টাকার অবৈধ জাল
হাতিয়ায় ২ ইটভাটা বন্ধ করে দিলো পরিবেশ অধিদপ্তর