পাটুরিয়া ফেরি ঘাটে যাত্রী ও যানবাহনের উপচেপড়া ভিড় দেখা গেছে। সকাল সাড়ে ১০টায় ঘাট এলাকায় দেড় শতাধিক বাস, চার শতাধিক ছোট গাড়ি এবং তিন শতাধিক পণ্যবাহী ট্রাককে ফেরি পারের অপেক্ষায় দেখা গেছে।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক জিল্লুর রহমান আরটিভি অনলাইনকে বলেন, ঈদের যাত্রী বাড়ি ফিরতে শুরু করেছে। এ কারণে সব ধরনের গাড়ির চাপ বেড়ে গেছে। তবে ১৯টি ফেরি চালু থাকায় তেমন সমস্যা হবে না।
আজ শুক্রবার সকাল থেকে গরুবাহী ও জরুরি পণ্যবাহী ট্রাক ছাড়া সাধারণ মালবাহী ট্রাক পারাপার বন্ধ আছে। কাজেই ঘাটে আটকে থাকা গাড়ি পার করতে খুব একটা কঠিন হবে না।
সাময়িক এই সমস্যা ধৈর্য সহকারে সবাইকে মোকাবিলা করার জন্য আহ্বান জানিয়েছেন বিআইডব্লিউটিসির এই কর্মকর্তা।
জেবি/পি




