
মহান বিজয় দিবস উপলক্ষে শোভাযাত্রা করেছে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই শোভাযাত্রা শুরু হয়।
শনিবার (১৬ ডিসেম্বর) দুপুর ২টার পর র্যালিটি শুরু হয়ে মগবাজার গিয়ে শেষ হয়।
এর আগে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপির আয়োজনে এই বিজয় শোভাযাত্রায় অংশগ্রহণ করতে দুপুর ১২টা থেকে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ওই সময় নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন, জাতীয় ও দলীয় পতাকা নিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে আসেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের পদচারণায় নয়াপল্টন সরগরম হয়ে ওঠে।
শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশ করে বিএনপি। এ লক্ষ্যে কার্যালয়ের সামনে মাইক স্থাপন করা হয়। পিকআপভ্যানে তৈরি করা হয় অস্থায়ী মঞ্চ।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, বিএনপির ভাইস-চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী।
এদিকে বিএনপির বিজয় শোভাযাত্রাকে ঘিরে নয়াপল্টনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দলটির কেন্দ্রীয় কার্যালয়সহ নয়াপল্টনের বিভিন্ন অলি-গলিতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাশাপাশি সাদা পোশাকেও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা গেছে।




