
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি ট্রেনে বিএনপির চলা অবরোধ-হরতালে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তাই ট্রেনের নিরাপত্তায় কমলাপুর রেলস্টেশনে ডগ স্কোয়াড মোতায়েন করেছে র্যাব। ট্রেন ছাড়ার আগে মেটাল ডিটেক্টর দিয়ে করা হবে স্ক্যানিংও।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেল থেকে কমলাপুর রেলস্টেশনে ডগ স্কোয়াড মোতায়েন করা হয়।
র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, এখন থেকে কমলাপুর রেলস্টেশনে ডগ স্কোয়াড কাজ করবে। মেটাল ডিটেক্টর দিয়ে প্রতিটি ট্রেন স্টেশন ছাড়ার আগে স্ক্যানিং করা হবে।
তিনি বলেন, অবরোধ চলাকালে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় চারজনকে চিহ্নিত করা হয়েছে। এদের মধ্যে দুজন বিএনপির কর্মী। তাদের সঙ্গে দুজন ভাসমান মাদকসেবীও ছিলেন। দু-এক দিনের মধ্যে সবাইকে গ্রেপ্তার করা হবে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) হরতাল সমর্থকরা তেজগাঁও রেলস্টেশনে মোহনগঞ্জ এক্সেপ্রেসের ৩টি বগিতে আগুন ধরিয়ে দেয়। ভোর ৫টা ৪ মিনিটে খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর পৌনে ৭টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। পরে একটি বগি থেকে মা-ছেলেসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়।




