
৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন জনসাধারণকে বাড়িতে থেকে তাদের পরিবার-পরিজনকে সময় দেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।
শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান রাজধানীর গুলশানে সিটি করপোরেশন মার্কেটে লিফলেট বিতরণের সময় তিনি এই আহ্বান জানান। এ সময় তার সঙ্গে দলটির নেতাকর্মীরা জনসাধারণকে নির্বাচনবিরোধী লিফলেট বিতরণ করেছেন।
এ সময় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, দেশের স্বাধীনতা চলে যাচ্ছে, এটাই মনে রাখবেন। আমার দেশ, আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, আর ভারতের প্রার্থী! এদেশ আর থাকবে না। একটা স্বাধীন রাষ্ট্রে এগুলো হয়? আপনারা মুখ খোলেন।
নির্বাচন বর্জনের প্রচারণায় অংশ নিয়ে বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিরীন সুলতানা মার্কেটের ক্রেতা বিক্রেতাদের উদ্দেশ্যে বলেন, আমরা বিএনপির পক্ষ থেকে এসেছি। আমরা ৭ জানুয়ারির ভোট বর্জন করেছি। আপনারাও দেশের স্বার্থে, জনগণের স্বার্থে ভোটের দিন বাড়িতে থেকে পরিবার-পরিজনকে সময় দেবেন।




