
রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় দ্রুতগামী ট্রেনের ধাক্কায় আনিছ মিয়া (২৫) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার (৭ সেপ্টেম্বর) বেলা পৌনে দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশের ভাষ্য, রাস্তা পারাপারের সময় তিনি ট্রেনে কাটা পড়েন। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আনিস বনানীর শিখা গার্মেন্টসের হেল্পার হিসেবে কর্মরত ছিলেন। তিনি শেরপুর সদর থানাধীন তিরশা গ্রামের মুজিবুর রহমানের ছেলে। মগবাজারের ওয়ারলেস গেট এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন তিনি।
নিহতের ভাই আশিক জানান, তার ভাই মাস ছয়েক আগে বিয়ে করেন। ভাইয়ের উপার্জনের টাকায় পরিবার চলত। এখন ভাই নেই, তাই পরিবার কিভাবে চলবে বলে কান্নায় ভেঙে পড়েন তিনি।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, ওই যুবকের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা রয়েছে। ঢাকার রেলওয়ে থানার পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে।
জিআরপি থানার ওসি জয়নাল আবেদিন গণমাধ্যমকে বলেন, আনিস নামের ওই পোশাক শ্রমিক বনানী রেলগেটসংলগ্ন এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে মারা যান বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।
আরটিভি/একে




