
সামাজিক দায়বদ্ধতা এবং জলাতঙ্ক নির্মূলে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে প্রাণীদের বিনামূল্যে জলাতঙ্কের ভ্যাকসিন দিয়েছে।
বিশ্ব জলাতঙ্ক দিবসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় এই কার্যক্রম পরিচালিত হয়।
সকাল ৮টায় মিরপুরের জাতীয় চিড়িয়াখানার সামনে থেকে এই টিকাদান কার্যক্রম শুরু হয়। এরপর পর্যায়ক্রমে এটি দিনব্যাপী ঢাকার বিভিন্ন অঞ্চলে চলমান ছিল। ক্যাম্পেইনের মূল পর্ব অনুষ্ঠিত হয় হাতিরঝিল সংলগ্ন মহানগর প্রজেক্ট এলাকায়।
দিনভর রাজধানী ঢাকার কয়েকটি অঞ্চলে সবমিলিয়ে ১৫০০টিরও অধিক কুকুর ও বিড়ালকে জলাতঙ্কের টিকা দেওয়া হয়। এই কর্মসূচিতে এলাকার অনেকেই নিজ বাড়ির পোষা প্রাণী নিয়েও ভ্যাকসিন প্রদানের জন্য উপস্থিত হন এবং অ্যাসোসিয়েশনের এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
জলাতঙ্ক একটি প্রাণঘাতী মারাত্মক রোগ, যা কুকুর, বিড়াল, শিয়াল, বানর বা বাদুড়ের মতো প্রাণীর দংশন বা আঁচড়ের মাধ্যমে ছড়াতে পারে। দেশে পথকুকুর ও বিড়ালের মাধ্যমে এই রোগ ছড়ানোর হার বেশি।
সংস্থাটি জানায়, কুকুর-বিড়াল কামড় বা আঁচড় দিলে দ্রুত ক্ষতস্থানে সোডা পানি বা কাপড় কাচার সাবান পানি দিয়ে অন্তত ১৫ মিনিট ধৌত করার পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জলাতঙ্ক প্রতিরোধী টিকা নিতে হবে। নিয়মিত টিকাদানের মাধ্যমে এই রোগের প্রতিরোধ সম্পূর্ণ সম্ভব।
অ্যাসোসিয়েশন ‘দেশ হোক সকল প্রাণের নিরাপদ আবাসস্থল’ এই শ্লোগানকে সামনে রেখে প্রাণীদের রক্ষা ও প্রকৃতির ভারসাম্য রক্ষার্থে এগিয়ে চলার অঙ্গীকার ব্যক্ত করে।
এই টিকাদান ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান সমন্বয়কারী, আমরা বিএনপি পরিবারের আহবায়ক ও বিএনপি মিডিয়া সেল এর অন্যতম সদস্য, সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন।
এছাড়াও সংগঠনের আহবায়ক আদনান আজাদ, মেহেদি হাসিব, বাপ্পী খান, নিশাত তামান্না, ফয়সাল বিন আলম, সিতু, সিমান্ত, তাসিব, শুভব্রত, হাসান, লোবাসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ এবং দেশসেরা বিশেষজ্ঞ প্রাণিচিকিৎসকগণ উপস্থিত ছিলেন।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি জামিল হোসেন, সাবেক ছাত্র নেতা শামিম মিয়া, ইঞ্জিনিয়ার আবু হানিফ, ছাত্র নেতা মশিউর রহমান মহান, সেচ্ছাসেবক দল নেতা ইমতিয়ার পারভেজ সেতু, মির্জা সর্ম্রাট।
আমরা বিএনপি পরিবার থেকে উপস্থিত ছিলেন মাসুদ রানা লিটন, ফারহান আলী সজীব, শাকিল আহম্মেদ, শাহিনুর ইসলাম রনিসহ সাবেক ছাত্র ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
আরটিভি/এএইচ




