
রাজধানীতে বিআরটির (বাস র্যাপিড ট্রানজিট) উড়াল সড়ক থেকে আনুমানিক ৩০ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (১৯ অক্টোবর) দিবাগত মধ্যরাতে উত্তরার আবদুল্লাহপুর এলাকার উড়াল সড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে উত্তরার ট্রাফিক পুলিশ সার্জেন্ট মির্জা নোমান গণমাধ্যমকে বলেন, সড়কে যানজট নিরসনে ডিউটির সময় এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখি। ওই যুবকের মাথা রক্তাক্ত ও পায়ে ছিলে যাওয়ার দাগ ছিল। পরে উত্তরা পূর্ব থানা-পুলিশকে খবর দিলে তারা মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে, ওই যুবক দুর্ঘটনায় মারা গেছেন।
উত্তরা পূর্ব থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরটিভি/আইএম




