
অর্থ আত্মসাৎ ও জালিয়াতির অভিযোগে মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সহসভাপতি ও বাংলাদেশ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং মার্চেন্টস অ্যাসোসিয়েশনের (ব্রামা) সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) রাজধানীর বনানী থানায় সংগঠনটির পক্ষে বর্তমান দপ্তর সম্পাদক রাকিবুল হাসান বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়, সভাপতি থাকাকালে আসাদুজ্জামান সংগঠনের চাঁদা আদায় বহি ও বিবিধ আদায় বহি গোপন রেখে প্রায় ১০ লাখ টাকা আত্মসাৎ করেন। এ ছাড়া তিনি একটি স্থগিত অডিট ফার্মের মাধ্যমে জাল অডিট রিপোর্ট তৈরি করে সেটি সংগঠনের রেকর্ডে অন্তর্ভুক্ত করেন। তার এসব কর্মকাণ্ডে সংগঠনের ভাবমূর্তি ও আর্থিক স্থিতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একাধিকবার নোটিশ পাঠানো হলেও তিনি কোনো জবাব দেননি, বরং প্রকাশ্যে সংগঠনকে ক্ষতির হুমকি দিয়েছেন।
রাকিবুল হাসানের অভিযোগ, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতির পদ ব্যবহার করে তিনি জোরপূর্বক ব্রামার সভাপতির দায়িত্ব নেন। এ সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিম্নমানের কুলিং গ্যাস আমদানি করে দেশের বাজারে সরবরাহ করেন, যার ফলে বিভিন্ন স্থানে এসি বিস্ফোরণের ঘটনা ঘটে এবং প্রাণহানি ঘটে বহু মানুষের। এসব অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে আসাদুজ্জামান বিপুল পরিমাণ সম্পদের মালিক বনে যান।
তবে অভিযোগের বিষয়ে জানতে আসাদুজ্জামান আসাদের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার বলেন, অভিযোগের তদন্ত করছি। পাশাপাশি আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরটিভি/আইএম




