
রাজধানীর মোহাম্মদপুর থেকে ৬টি পেট্রোল বোমাসহ মো. ফেরদৌস ওরফে বারেক নামে একজনকে আটক করেছে র্যাব।
রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে র্যাব-২ সিপিএসসির একটি দল মোহাম্মদপুরের বসিলা গার্ডেন সিটি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
র্যাব-২ থেকে এক ক্ষুদেবার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এছাড়া, একইদিনে রাজধানীর আদাবর থানাধীন প্রধান সড়ক নবোদয় হাউসিং সোসাইটি থেকে মোহাম্মদপুর থানার ২৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হেজবুল আলম রাজুকে (৩০) একটি বিদেশী অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব-২।
এদিকে, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সোমবার রায় ঘোষণাকে কেন্দ্র করে ঢাকার বিভিন্ন স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে।
তথ্যমতে, এখন পর্যন্ত ঢাকায় পরিবেশ উপদেষ্টা বাসা, এনসিপি কার্যালয়ের সামনে, কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার মোড়ে, রাজধানীর মিরপুর ১২ নম্বর মেট্রো স্টেশনের নিচে, রাজধানীর শ্যামপুরে, মহাখালীতে, দারুস সালাম থানার রোজিনা পেট্রোল পাম্পের পেছনে এবং বাড্ডা এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
অন্যদিকে, হাসিনার রায় ঘিরে আওয়ামী লীগের যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নাশকতা প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিতে রোববার থেকেই ঢাকার বিভিন্ন প্রবেশমুখে চেকপোস্ট বসানো হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, যারা মানুষ ও পুলিশ সদস্যদে ওপর ককটেল হামলা ও যানবাহনে আগুন দেবেন, আইনসম্মতভাবেই তাদের ওপর গুলির নির্দেশনা দেওয়া হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেছেন, পুলিশের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। কোনো দল বা গোষ্ঠি নাশকতা সৃষ্টির চেষ্টা করলে, পুলিশ দেশ ও জনগণের স্বার্থে তা প্রতিরোধে আইনগত ব্যবস্থা নেবে।
আরটিভি/আরএ




