
রাজধানীর মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যার ঘটনায় গ্রেপ্তার গৃহকর্মী আয়েশা আক্তার ও তার স্বামী রাব্বি শিকদারের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত শুনানি শেষে আয়েশার ৬ দিন এবং রাব্বির ৩ দিনের রিমান্ড অনুমোদন করেন।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক মো. সহিদুল ওসমান মাসুম আসামিদের প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর হারুন-অর-রশিদ রিমান্ডের পক্ষে মত দেন। তবে আসামিপক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।
এর আগে নিহত লায়লা ফিরোজের স্বামী আ জ ম আজিজুল ইসলাম ৮ ডিসেম্বর মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, ৫ ডিসেম্বর খণ্ডকালীন গৃহকর্মী হিসেবে আয়েশা বাসায় কাজ শুরু করেন। ৮ ডিসেম্বর সকাল ১১টার দিকে বাসায় ফিরে বাদী দেখেন তার স্ত্রীকে গলা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করা হয়েছে এবং মেয়েকে গুরুতর জখম অবস্থায় মেইন গেটের পাশে পড়ে আছে। পরে হাসপাতালে নেওয়া হলে মেয়েকেও মৃত ঘোষণা করা হয়।
বাসার সিসিটিভি ফুটেজে দেখা যায়, সকাল ৭টা ৫১ মিনিটে আয়েশা বাসায় প্রবেশ করেন এবং ৯টা ৩৫ মিনিটের দিকে একটি মোবাইল ফোন, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ অর্থসহ মূল্যবান সামগ্রী নিয়ে বের হয়ে যান। ধারণা করা হচ্ছে এই সময়ের মধ্যেই মা ও মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়।
মামলাটি বর্তমানে তদন্তাধীন।
আরটিভি/এসকে




