
রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ছায়ানট ভবনের ভেতরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। যদিও রাত ৩টায় ঘটনাস্থলে কোনো বিক্ষোভকারী উপস্থিত ছিল না। ভবনের সামনে সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের সদস্যরা নিরাপত্তা অবস্থান নিয়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
ধানমন্ডি মডেল থানার ডিউটি অফিসার মিঠুন সিংহ জানান, বিক্ষুব্ধ জনতা ধানমন্ডির ছায়ানট ভবন ভাংচুর ও আগুন দিয়েছে। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে এবং পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে উপস্থিত।
অগ্নিকাণ্ডের দীর্ঘ সময় পরও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।
এই পরিস্থিতির পেছনে রয়েছে ইনকিলাব মঞ্চের কর্মী ও সমর্থকদের বিক্ষোভ, যারা শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীতে আন্দোলন করছেন। বিক্ষোভকারীরা রাত থেকেই শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করেন।
রাত ১২টার দিকে কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে ভাঙচুর এবং নথিপত্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে তারা ডেইলি স্টার কার্যালয়ের দিকেও অগ্রসর হয়ে সেখানে আগুন ধরিয়ে দেয়। দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে এনেছে এবং ঘটনাস্থলে অন্তত দুটি ইউনিট কাজ করছে।
নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হচ্ছে। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল মনিটর করছে।
আরটিভি/এসকে




