
রাজধানীতে হেঁটে বাসায় ফেরার পথে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক কাপড়ের ব্যবসায়ী নিহত হয়েছেন।
শনিবার (২০ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে যাত্রাবাড়ী ফ্লাইওভারের নিচে একটি আড়তের সামনে এ ঘটনা ঘটে। পরে রাত দেড়টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আশীষ জোয়াদ্দার (৩২) মাগুরা সদরের পাতুরিয়া গ্রামের অমল জোয়াদ্দারের ছেলে ও পেশায় কাপড়ের ব্যবসায়ী ছিলেন।
আল-আমিন নামে একজন পথচারী আশীষকে হাসপাতালে নিয়ে যান। তিনি বলেন, রাত ১টার দিকে যাত্রাবাড়ী ফ্লাইওভারের নিচে আড়তের পাশ দিয়ে যাচ্ছিলেন আশীষ। এ সময় ২ থেকে ৩ জন ছিনতাইকারী তার পথরোধ করে দাঁড়ায় এবং ছুরি দিয়ে আঘাত করে। ওই ব্যবসায়ীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা তার কাছ থেকে কোনো কিছু নিতে না পেরে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, তিনি আর বেঁচে নেই।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক গণমাধ্যমকে বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানানো হয়েছে।
আরটিভি/আইএম




