
এআই প্রযুক্তির দ্রুত অগ্রগতির মধ্যেও বিশ্বের সবচেয়ে বড় মুক্ত জ্ঞানভাণ্ডার উইকিপিডিয়া আজও পরিচালিত হচ্ছে মানুষের হাতেই। লাখো স্বেচ্ছাসেবীর সম্মিলিত প্রচেষ্টায় গড়ে ওঠা এই মুক্ত বিশ্বকোষ প্রতি মাসে বিশ্বের ৭০০ কোটিরও বেশি পাঠককে বিনামূল্যে তথ্য দিচ্ছে। ২০০১ সালের ১৫ জানুয়ারি ল্যারি স্যাঙ্গার ও জিমি ওয়েলসের উদ্যোগে যাত্রা শুরু করা উইকিপিডিয়া ২৫ বছরে এসে পরিণত হয়েছে বৈশ্বিক জ্ঞান বিনিময়ের অন্যতম প্রধান প্ল্যাটফর্মে।
এই রজতজয়ন্তী উপলক্ষে সারাবিশ্বের মতো ঢাকাতেও আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠান। গত শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীর একটি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের অর্ধশতাধিক উইকিমিডিয়ান, গবেষক ও বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিরা অংশ নেন। অনুষ্ঠানটির আয়োজন করে উইকিমিডিয়া বাংলাদেশ।
স্বাগত বক্তব্যে উইকিমিডিয়া বাংলাদেশের সভাপতি শাবাব মুস্তফা বলেন, প্রযুক্তি যতই এগিয়ে যাক, উইকিপিডিয়ার মূল শক্তি এখনও মানুষ। বিশ্বজুড়ে লাখ লাখ স্বেচ্ছাসেবীর লেখা ও সম্পাদিত নিবন্ধই উইকিপিডিয়াকে তথ্যের সবচেয়ে বড় ভাণ্ডারে পরিণত করেছে। তথ্যের গণতান্ত্রিক প্রবাহ নিশ্চিত করতে এই প্ল্যাটফর্মের ভূমিকা অনন্য। ডাক্তার, শিক্ষক, শিক্ষার্থী, বিজ্ঞানী ও ইতিহাসবিদসহ নানা পেশার মানুষ স্বেচ্ছাসেবী হিসেবে উইকিপিডিয়ায় তথ্য যোগ করছেন। তথ্যের সঠিকতা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে নিরলস কাজ করছেন তারাই।
উইকিপিডিয়া ২৫ বছরে কীভাবে মানুষের যৌথ প্রচেষ্টায় একটি বিশাল জ্ঞানভান্ডারে রূপ নিয়েছে, সে বিষয়ে বক্তব্য দেন উইকিমিডিয়া স্টুয়ার্ড মুহাম্মদ ইয়াহিয়া।
এছাড়া উইকিপিডিয়ায় নিরাপদ ও দায়িত্বশীল সম্পাদনার গুরুত্ব তুলে ধরেন উইকিমিডিয়া ফাউন্ডেশনের ট্রাস্ট অ্যান্ড সেফটি টিমের সদস্য নাহিদ সুলতান।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় জাদুঘরের সাবেক মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী উইকিপিডিয়ায় সবার অংশগ্রহণের সামাজিক গুরুত্ব তুলে ধরেন। বাংলা ভাষায় কনটেন্ট আরও সমৃদ্ধ করার আহ্বান জানান অশ্রু আর্কাইভের প্রতিষ্ঠাতা শাওন আকন্দ।
উইকিমিডিয়ান দেলোয়ার হোসেনের উপস্থাপনায় বাংলাদেশে উইকিমিডিয়ার কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন উইকিমিডিয়া বাংলাদেশের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মাসুম আল হাসান রকি।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য অধিকার কর্মী নাজনিন নাহার, উন্নয়নকর্মী ও গবেষক সোহরাব হোসেনসহ বাংলা উইকিপিডিয়ার বিভিন্ন পর্যায়ের স্বেচ্ছাসেবীরা।
অনুষ্ঠান শেষে অতিথি ও উইকিমিডিয়ানরা উন্মুক্ত এই জ্ঞানকোষের ভবিষ্যৎ, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন। পরে কেক কেটে উইকিপিডিয়ার ২৫ বছর পূর্তি উদযাপন করা হয়।
আরটিভি/আরএ


