রাজধানীর কামরাঙ্গীরচরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় জান্নাতি নামে ৫ বছর বয়সী এক শিশু গুরুতর আহত হয়েছে। পরে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বুধবার (৬ মে) বিকেল ৩টার দিকে কামরাঙ্গীরচরের সিলেটি বাজার এলাকার ৭ নম্বর গলিতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জান্নাতি কামরাঙ্গীরচরের সিলেটি বাজার এলাকার দিনমজুর মো. মোস্তফার মেয়ে।
জান্নাতিকে হাসপাতালে নিয়ে আসা তার খালা নার্গিস আক্তার ও প্রতিবেশী আবদুস সালাম জানান, ঘটনার সময় বাসার সামনের গলিতে অন্য শিশুদের সঙ্গে খেলছিল জান্নাতি। ওই সময় তা মা বাসার ভেতরে কাজ করছিলেন। বিকেলে হঠাৎ আরেক শিশু জান্নাতিকে অচেতন অবস্থায় কোলে করে বাসার ভেতরে নিয়ে আসে। ওই সময় সে জানায় গলিতে একটি ব্যাটারিচালিত অটোরিকশা জান্নাতির উপর উঠিয়ে দিয়েছিল।
পরে বিষয়টি জানতে পেরে দ্রুত শিশু জান্নাতিকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। একপর্যায়ে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক বিকেল সোয়া ৪টার দিকে জান্নাতিকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক দুর্ঘটনায় শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ময়নাতদন্তের জন্য তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একইসঙ্গে ঘটনাটি তদন্তের জন্য কামরাঙ্গীরচর থানায় জানানো হয়েছে।
আরটিভি/এমএম



