
রাজধানীর কদমতলীর থানাধীন শনিরআখড়ার নুরপুর এলাকা থেকে বিদেশি পিস্তল-রিভলবারসহ গুলি উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে এক সচেতন নাগরিকের ফোনের তথ্যের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
এ দিন রাতে ৯৯৯ নম্বরে কলটি গ্রহণ করেছিলেন কলটেকার কনস্টেবল পিয়াস চন্দ্র পাল এবং বিষয়টি উদ্ধার সংশ্লিষ্টদের সঙ্গে তদারক এবং সমন্বয় করছিলেন ৯৯৯ পুলিশ ডিসপাচার এএসআই কাজল ভূঁইয়া।
ঘটনাসূত্রে জানা গেছে, জায়গা-জমি সংক্রান্ত বিরোধে পূর্ব শত্রুতার জের ধরে ৪/৫জন সন্ত্রাসী মো. আসলাম খানের (৩৮) মেসার্স লাকি ক্রোকারিজ নামে একটি দোকানে গিয়ে পিস্তল ও রিভলবার থেকে গুলি ছুঁড়তে থাকে। এতে মো. আসলাম খানের ডান চোয়াল এবং বাম হাতের বাহু গুরুতর জখম হয়। একপর্যায়ে স্থানীয় লোকজন একজন সন্ত্রাসীকে আটক করে এবং মো. আসলাম খানকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে যায়।
কদমতলী থানার এসআই অশোক কুমার সরকার ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহযোগিতায় একটি পিস্তল, একটি রিভলবার, ৯ রাউন্ড গুলি ও ফায়ারকৃত ৩ রাউন্ড গুলির খোসাসহ একজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার মো. মঞ্জুরুল ইসলাম (৪৪) শরীয়তপুর নড়িয়া থানার বাসিন্দা। তিনি বর্তমানে নারায়ণগঞ্জ জেলারে মৌচাক এলাকায় বসবাস করছেন।
এ সংক্রান্তে একটি মামলা রুজু করা হয়েছে।
আরটিভি/এমএম


