
কক্সবাজার থেকে বিমানে ঢাকায় ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃধা জর্জ ও শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম।
শুক্রবার (২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে বিমানবন্দরে অবতরণের পর তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও সন্ত্রাসবিরোধী আইনে করা একাধিক মামলার তথ্য যাচাই করে তাদের গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তার দুজন হলেন—গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃধা জর্জ (৫২) এবং শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম (৪৪)। নাসির উদ্দিন মৃধা জর্জ শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি গ্রামের মৃত আবদুল হাই মৃধার ছেলে। জাহাঙ্গীর আলম মাওনা ইউনিয়নের মাওনা উত্তরপাড়া গ্রামের রিয়াজ উদ্দিন শেখের ছেলে।
ঢাকা মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান তালুকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সন্ত্রাসবিরোধী আইনে করা একাধিক মামলার আসামি নাসির উদ্দিন মৃধা ও জাহাঙ্গীর আলম কক্সবাজার থেকে বিমানে ঢাকায় ফিরছেন। এ তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের টার্মিনাল এলাকায় নজরদারি বাড়ানো হয়।
পরে দুপুর দেড়টার দিকে তাদের বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে পুলিশ তাদের হেফাজতে নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও সংশ্লিষ্ট মামলার তথ্য যাচাই শেষে তাদের গ্রেপ্তার করা হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীনুর আলম জানান, গ্রেপ্তার দুই আসামিকে শ্রীপুরে নিয়ে আসতে পুলিশের একটি বিশেষ দল ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। শ্রীপুর থানাসহ বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুই নেতাকে আদালতে সোপর্দ করে কারাগারে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
আরটিভি/জেএমএ




