
রাজধানীর সচিবালয় মেট্রোস্টেশন থেকে অপহরণের শিকার ৯ মাসের এক শিশুকে উদ্ধার করেছেন দায়িত্বরত আনসার সদস্যরা। এ ঘটনায় রানা নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সকালে প্ল্যাটফর্মে দায়িত্ব পালনকালে আনসার সদস্য মো. শাহিন মিয়া দেখতে পান, এক ব্যক্তি অবিরাম কান্নারত একটি শিশুকে কোলে নিয়ে অস্বাভাবিক তাড়াহুড়ো করে প্ল্যাটফর্ম ছাড়ার চেষ্টা করছেন। এতে সন্দেহ হলে তিনি ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় উপস্থিত যাত্রীরাও তাকে বিভিন্ন প্রশ্ন করেন।
জিজ্ঞাসাবাদের মুখে সন্তোষজনক উত্তর দিতে না পেরে ওই ব্যক্তি স্টেশন থেকে নিচে নেমে দ্রুত পালানোর চেষ্টা করেন। পরে আনসার সদস্য শাহিন মিয়া ধাওয়া করে তাকে আটক করেন।
পরে স্টেশনে অঙ্গীভূত আনসারের প্ল্যাটফর্ম কমান্ডার (পিসি) মো. রিপন বেপারী বিষয়টি স্টেশন কন্ট্রোলারকে জানান। এরপর উদ্ধার হওয়া শিশুসহ আটক ব্যক্তিকে ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রানা জানিয়েছেন, রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার একটি বস্তি থেকে শিশুটিকে চুরি করে এনেছেন তিনি।
বর্তমানে উদ্ধার হওয়া শিশুটির পরিবারের সন্ধান এবং তাকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আইনি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
আরটিভি/এসকে


