
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের পেছনে অবিস্ফোরিত একটি ককটেল উদ্ধার করা হয়েছে। একই রাতে রাজধানীর বনানী, আদাবর ও তেজগাঁও শিল্পাঞ্চলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়া শেরেবাংলা নগরে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের পলাশী ২ নম্বর গেটের ভেতরে ককটেলটি পড়ে থাকতে দেখেন শিক্ষার্থীরা। পরে বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হলে পুলিশ ঘটনাস্থলে যায়। বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাইমুর রহমান রিদম জানান, পলাশী ২ নম্বর গেটের কাছে ককটেলটি পড়ে থাকতে দেখে সংশ্লিষ্টদের অবহিত করা হয়।
শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নূরুল আমিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এ ঘটনায় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
এদিকে মঙ্গলবার রাত ৯টা ৫৫ মিনিটে আদাবরের শেখেরটেক ৯ নম্বর সড়কে ওয়ালটন প্লাজার সামনে ককটেল বিস্ফোরণ ঘটে। রাত ১১টার কিছু আগে বনানীর মহাখালী বাসস্ট্যান্ডে এবং রাত সাড়ে ১১টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআর এন্টারপ্রাইজ ফিলিং স্টেশনের সামনে আরও দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন জানান, মহাখালী বাসস্ট্যান্ডে ককটেল বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়নি। তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ইবনে মিজানও আদাবর ও শিল্পাঞ্চলে বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শেরেবাংলা নগর থানার জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে ঠিকানা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রাত ৯টা ৩৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায়ও কেউ হতাহত হয়নি।
আরটিভি/এমএইচজে



