
ঢাকার ডেমরা নড়াইবাগ এলাকায় ১৩ বছরের এক কিশোরকে বলাৎকারের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
নিখোঁজের ৪ দিন পর মঙ্গলবার (১০ নভেম্বর) একটি ঝোপ থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
এই ঘটনায় অভিযুক্ত আরিফ (২০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে নিহত হামিদুল ইসলামের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। সে বরিশালের কাজিরহাট উপজেলার আন্দারমানিক গ্রামের বাসিন্দা। দুই ভাই ও দুই বোনের মধ্যে সে ছিল সবার ছোট। তার পরিবার ডেমরার একটি এলাকায় বসবাস করে।
নিহতের বড় ভাই জানান, তার বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ এবং হাসপাতালে ভর্তি। আর মা প্যারালাইজড। হামিদুলও শারীরিক প্রতিবন্ধী। শনিবার বেলা ১২টার পর থেকে সে নিখোঁজ ছিল। এলাকায় মাইকিং করে খোঁজাখুঁজি করা হয়। এরপর থানায় জিডি করা হয়। সবশেষ ৯ তারিখ এলাকার একটি সিসিটিভি ফুটেজে দেখা যায় আরিফ নামে এক হোটেল কর্মচারী তাকে ডেকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। পরবর্তীতে পুলিশ আরিফকে জিজ্ঞাসাবাদ করে। তবে তিনি কিছুই জানে না বলে দাবি করেন।
তিনি আরও জানান, মঙ্গলবার বিকালে ডেমরা নড়াইবাগ মালা মার্কেট বোতল ফ্যাক্টরি পিছনে বালুর মাঠে ছেলেরা যখন ফুটবল খেলছিল, তখন সেই বল গিয়ে পড়ে ঝোপঝাড়ে। সেই বল আনতে গিয়ে তারা সেখানে একটি শিশুর মরদেহ দেখতে পায়। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশ এবং স্বজনরা গিয়ে সেখান থেকে মরদেহ উদ্ধার করে। এরপর পুলিশ আরিফ নামে ওই যুবককে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হামিদুলকে বলাৎকারের কথা স্বীকার করেন। পরে হামিদুর চিৎকার করতে থাকলে তিনি তাকে গলা চেপে শ্বাসরোধে হত্যা করে মরদেহ ঝোপে ফেলে রেখে যান।
তিনি বলেন, ৭ নভেম্বরের সিসিটিভি ফুটেজে দেখা যায়, বেলা ১২টা ২৫ মিনিটে আরিফ হামিদুলকে সেখান দিয়ে নিয়ে যাচ্ছে। আর ১২টা ৪৭ মিনিটে একই রাস্তা দিয়ে ফিরে আসছে। অর্থাৎ মাঝের এই ২২ মিনিটের মধ্যেই তিনি হামিদুলকে বলাৎকার করেছেন এবং শ্বাসরোধে হত্যা করেছেন।
মরদেহের সুরতহাল প্রতিবেদনে ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) শায়খ খসরু উল্লেখ করেন, বলাৎকারের পর শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তার মরদেহে পচন ধরে গেছে। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
আরটিভি/এসএস

