
রাজধানীর লালবাগের ইরাকি মাঠ এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার শিবলু (৩০) লালবাগ থানার ২৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সহসভাপতি।
বুধবার (১১ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে লালবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে শিবলুকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিল হোসাইন।
তিনি জানান, রাজধানীজুড়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে নাশকতার চেষ্টা করছে। এরই অংশ হিসেবে কয়েকদিন আগে লালবাগের ইরাকি মাঠ এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতংক ছড়ানো হয়। এই ঘটনার তদন্তে শিবলুর সংশ্লিষ্টতা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, শিবলুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
আরটিভি/এসএস


