
ঢাকার বিভিন্ন থানা এলাকায় মিছিলের চেষ্টাকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১৫ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে এক ক্ষুদেবার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ক্ষুদেবার্তায় ডিএমপি জানায়, রাজধানীর ডেমরা, তুরাগ, দারুস সালাম ও মিরপুর মডেল থানা এলাকায় মিছিল করার চেষ্টাকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ওই ১৫ সদস্যকে ককটেলসহ গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে রাজধানীজুড়ে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৫৩৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার সকালে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিনব্যাপী রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে মোট ৫৩টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপি জানায়, বৃহস্পতিবারের ওই অভিযানে মিরপুর বিভাগ থেকে সর্বোচ্চ ১৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি গ্রেপ্তারদের মধ্যে তেজগাঁও বিভাগের ৯১ জন ছাড়াও লালবাগ বিভাগের ৬০ জন, উত্তরা বিভাগের ৫৫ জন, মতিঝিল বিভাগের ৫২ জন, গুলশান বিভাগের ৫০ জন, ওয়ারী বিভাগের ৪৮ জন ও রমনা বিভাগের ২৬ জন রয়েছে। এ ছাড়াও অভিযানে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) একজনকে এবং গোয়েন্দা বিভাগ কর্তৃক আরও ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পৃথক এসব অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে ৩টি ককটেল ছাড়াও ৩টি ককটেলের বিস্ফোরিত অংশবিশেষ, ৬ কেজি গাঁজা, ২০৭ পিস ইয়াবা, ১০ বোতল ফেনসিডিল, ৯২৫টি এক হাজার টাকার জাল নোট, ৭টি মোবাইল ফোন ও একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আরটিভি/এমএ




