
রাজধানীর শ্যামলীতে অনুরাগ ফার্মেসি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে মোটরসাইকেলে এসে হেলমেট পরা দুই ব্যক্তি এ হামলা চালিয়ে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় ফার্মেসির সামনের কাচ ভেঙে গেলেও অল্পের জন্য প্রাণে বেঁচে যান ভেতরে থাকা ব্যক্তিরা।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ১১টার দিকে হেলমেট পরা দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে ফার্মেসির সামনে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা। এ সময় অদূরে আরও কয়েকজন মোটরসাইকেল নিয়ে অপেক্ষা করছিলেন।
স্থানীয়দের দাবি, এর আগেও ওই এলাকায় দুই দফা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অনুরাগ রেস্টুরেন্ট ও ফার্মেসির মালিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সৈয়দ হাসান নুর ইসলাম রাষ্ট্রন। বর্তমানে প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন তার ভাই জুয়েল তালুকদার।
দোকানের মালিক রাষ্ট্রনের অভিযোগ, চাঁদা না দেওয়ায় এ হামলার ঘটনা ঘটেছে। সম্প্রতি ‘কাইল্লা বাদল’ ও ‘কিলার পাপ্পু’র নাম ব্যবহার করে তার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম কবির বলেন, এ ঘটনায় এখনো ভুক্তভোগীরা কোনো লিখিত অভিযোগ করেননি। তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে হামলার কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশের তদন্ত এবং আনুষ্ঠানিক অভিযোগের অপেক্ষা রয়েছে।
আরটিভি/এসকে




