
রাজধানীর মিরপুরের রূপনগরে নারী পোশাকশ্রমিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার নাম নুপুর। দুপুরের খাবারের বিরতিতে বাসায় যাওয়ার পথে ৪ থেকে ৫ জন দুর্বৃত্ত চায়নিজ কুড়াল ও রামদা দিয়ে তার ওপর হামলা চালায়।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টা ৫৫ মিনিট থেকে ১টা ৫ মিনিটের মধ্যে রূপনগর থানার শিয়ালবাড়ী এলাকার ৫ নম্বর রোডে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, কারখানায় কাজ শেষে দুপুরের খাবারের বিরতিতে বাসার উদ্দেশে রওনা হয়েছিলেন নূপুর। পথে ৫ নম্বর সড়কে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে অতর্কিত হামলা চালায়।
এ সময় তারা চায়নিজ কুড়াল ও রামদা দিয়ে নূপুরকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নারী পোশাকশ্রমিকের ওপর হামলার ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি জানান, দুপুরে সাড়ে তিনটার দিকে মিরপুর দশ নাম্বার ট্রাফিক বক্সের সামনে এক সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
আরটিভি/এমএম


