
রাজধানীর লালবাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (২০ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন- আওয়ামী মৎস্যজীবী লীগের সাবেক সভাপতি হাজী মেজবাহ উদ্দিন আহমেদ মিজ্জু (৬২), লালবাগ থানা যুবলীগের নেতা মো. জালাল উদ্দিন (৪৫), লালবাগ থানা যুবলীগের নেতা মো. আপেল মাহমুদ (৪২) ও লালবাগ থানা ২৬ নম্বর ওয়ার্ডের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এ বি এম টিটু (৫৩)।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে লালবাগ থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা ১৩ নভেম্বর দুপুরে আজিমপুর এতিমখানা মার্কেটের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে রাষ্ট্রবিরোধী মিছিল আয়োজনে অর্থ সহায়তা ও অংশগ্রহণ করেছিল।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আরটিভি/আইএম


