
এখন থেকে ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যেই পাওয়া যাবে সাপে কাটা রোগের চিকিৎসা। ঢাকা-১ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বিশেষ ব্যবস্থায় প্রয়োজনীয় এ ভ্যাকসিনটি নবাবগঞ্জে এনেছেন বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শহিদুল ইসলাম।
আগামীকাল মঙ্গলবার (২৫ আগস্ট) থেকে এই সুবিধার আওতায় আসবে দোহার, নবাবগঞ্জ, শ্রীনগর ও মানিকগঞ্জ এলাকার সাপেকাটা রোগীরা। এর মধ্য দিয়ে এ অঞ্চলের মানুষের ভোগান্তি দূর হবে বলে মনে করছেন অনেকেই। ইতোমধ্যে এ বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত জনবলও নিয়োগ দেয়া হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে ভ্যাকসিন প্রয়োগের প্রশিক্ষণ শীর্ষক এক কর্মশালায় এ বিষয়ে বক্তব্য রাখেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।
ডা. শহিদুল ইসলাম বলেন, বর্ষা মৌসুমে সাপের প্রকোপ বেশি থাকায় মানুষজন আক্রান্ত হওয়ায় বিষয়টিকে গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে নিজ এলাকায় ভ্যাকসিন সরবরাহের বিষয়ে গুরুত্ব দেন সালমান এফ রহমান। সে ধারাবাহিকতায় এ সেবাটি আমরা দিতে পারছি। প্রথম পর্যায়ে ২০০ ভায়াল সংগ্রহ করা হয়েছে।
কর্মশালায় বিশেষজ্ঞ চিকিৎসক ডা. কামরুজ্জামান সাপে কামড় দিলে ওঝা দিয়ে বিষ নামানোর বিষয়ে নিরুৎসাহিত করেন। তিনি বলেন, কোনোভাবেই ওঝার কাছে গিয়ে সময় নষ্ট করা যাবে না। ওঝারা সাপের বিষ বের করতে পারেন না। সময়ক্ষেপণ না করে রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে আসার পরামর্শ দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন ডা. হরগোবিন্দ সরকার অনুপ, ডা. মো. শাহিনুর রেজা, ডা. শাহীনুর আক্তার সোমা, সেবিকা মনোয়ারা বেগম, মিরা মণ্ডল, রিটা হালদার, সন্ধ্যা ভক্ত, বাসন্তী কর্মকার, জেড. এন লিজাসহ আরও অনেকে।
এসএস




