
ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের পশ্চিম মেড্ডা নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই এলাকার নুরুল ইসলামের মেয়ে মিথিলা (৬) এবং তার খালা শামসুন্নাহার (১০)।
মিথিলা মেড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ও শামসুন্নাহার মডেল গার্লস বালিকা উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। পরিবারের লোকজন জানায়, দুপুরে বাড়ির সামনে মাছ ধরতে গিয়ে প্রথমে মিথিলা পানিতে পড়ে যায়।
পরে তাকে উদ্ধার করতে গিয়ে শামসুন্নাহারও পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তৃব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এক নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল হাসান খান আরটিভি নিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে খোঁজ-খবর নেয়া হচ্ছে।
জেবি




