
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)র মেয়র মো. আতিকুল ইসলাম বলছেন, দক্ষিণ সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স নিয়ে উত্তরে যারা ব্যবসা করছে, কিভাবে তারা এ কাজটি করে? যারা এখানে ব্যবসা করছেন, উত্তর সিটি কর্পোরেশনের গুলশানে লাইসেন্স নিয়ে গুলশানে ব্যবসা করতে হবে, মোহাম্মদপুরের লাইসেন্স নিয়ে গুলশানে ব্যবসা করা যাবে না। আবার লাইসেন্সে গুলশানের ঠিকানা দেওয়া থাকলে গুলশানেই ব্যবসা করতে হবে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) (ডিএনসিসি)র নিয়মিত উচ্ছেদ অভিযান পরিদর্শন করে এ কথা বলেন তিনি।
আজ তিন জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের পরিচালনায় গুলশান, বনানী ও প্রগতি সরণিতে আরও প্রায় সাত শতাধিক অবৈধ সাইনবোর্ড উচ্ছেদ করেছে ডিএনসিসি। স্পট নিলামের মাধ্যমে এসব সাইনবোর্ড ও অন্যান্য মালামাল ১ লাখ ৭৭ হাজার টাকা বিক্রয় করা হয়। ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা করা, ট্রেড লাইসেন্স না থাকা, সরকারি কাজে বাধা প্রদান করা এবং অন্যান্য অপরাধে ১ লাখ ৯১ হাজার টাকা জরিমানা করা হয়।
অবৈধ সাইনবোর্ড, বিলবোর্ড উচ্ছেদ চলাকালে গুলশান ১ নম্বর গোলচত্বরে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম পরিদর্শন করে বলেন, যত্রতত্র যারা বড় বড় সাইনবোর্ড, বিলবোর্ডে বিজ্ঞাপন দিয়ে ব্যবসা করছেন। কিন্তু সিটি কর্পোরেশনের পাওনা ট্যাক্স দিচ্ছেন না। এধরনের বিলবোর্ড একশতভাগ অবৈধ। যারা বিলবোর্ড সাইনবোর্ড লাগাবেন, তারা আইন অনুযায়ী সিটি করপোরেশনকে ট্যাক্স দিয়ে তারপর লাগাবেন।
তিনি বলেন, ট্রেড লাইসেন্সের মধ্যে পরিষ্কার করে এইসব বিষয়ে লেখা আছে। আপনার সাইনবোর্ড এর মাপ কত, আপনার ট্যাক্স কত, সবকিছু পরিষ্কারভাবে লেখা আছে। এটা খুবই দুর্ভাগ্য আমাদের। আমাদের এই অভিযান চলমান থাকবে। ফুটপাত ও রাস্তায় অবৈধভাবে রাখা নির্মাণসামগ্রীর নিলামও অব্যাহত থাকবে। আসুন একটি সুন্দর ঢাকা শহর গড়ি।
অবৈধ বিলবোর্ড, সাইনবোর্ড ইত্যাদি অপসারণে ডিএনসিসির উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।
জিএ




