
খুলনা মহানগরীর খালিশপুর এলাকা থেকে পাটকল শ্রমিকদের পূর্বঘোষিত কফিন মিছিল পণ্ড হয়ে গেছে। পুলিশের বাধায় শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্য পরিষদ কর্মসূচি পালন করতে পারেনি। তবে কর্মসূচির সমন্বয়ক রুহুল আমিনসহ আরও ২ ছাত্রনেতাকে আটক করেছে পুলিশ। রোববার (৪ অক্টোবর) দুপুরে তাদের আটক করা হয়।
জাতীয় মুক্তি কাউন্সিল খুলনা জেলা শাখার আহ্বায়ক হুমায়ুন কবীর জানান, শ্রমিকদের বকেয়া টাকা পরিশোধের দাবিসহ দুই দফা দাবিতে রোববার বিকেল ৪টায় নগরীর খালিশপুর প্লাটিনাম জুটমিল গেট থেকে নতুন রাস্তা মোড় পর্যন্ত কফিন মিছিলের কর্মসূচি ছিল। এই কর্মসূচি সফল করার প্রস্তুতি নেওয়ার সময় রোববার দুপুর দুটায় প্লাটিনাম জুটমিল গেটে বিপুল সংখ্যক পুলিশ আসে।
এ সময় পুলিশ শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা-ঐক্য পরিষদের সমন্বয়কারী রুহুল আমিন, ছাত্র-যুব আন্দোলনের সভাপতি আতিফ অনিক ও ছাত্রফ্রন্টের নেতা সুজয় শুভ নামে ৩ জনকে আটক করে খালিশপুর থানায় নিয়ে যায়।
তিনি আরও অভিযোগ করেন, দিঘলিয়া থেকে স্টার জুটমিল শ্রমিকদের ভৈরব নদী পার হয়ে খালিশপুরে এসে এই কর্মসূচিতে যোগদান করার কথা ছিল। কিন্তু পুলিশ হার্ডবোর্ড মিল সংলগ্ন ঘাটে ট্রলার পারাপার বন্ধ করে দেয়। এছাড়া দুপুর ৩টার দিকে প্লাটিনাম গেটে ক্ষমতাসীন দলের বেশ কিছু নেতাকর্মী জড়ো হন। সামগ্রিক অবস্থায় তারা কফিন মিছিল করতে পারেননি।
তবে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (নর্থ) মোল্লা জাহাঙ্গীর হোসেন জানান, পুলিশের পক্ষ থেকে কফিন মিছিল করার অনুমতি দেয়া হয়নি। মিছিল করার প্রস্তুতির সময় ৩ জনকে আটক করা হয়েছে।
এসজে




