
মেহেরপুরের গাংনী উপজেলায় মাদকাসক্ত দেবরের ছুরিকাঘাতে ভাবী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার বামন্দী গ্রামে এ ঘটনা ঘটে। পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
নিহত নারীর নাম মালা খাতুন (৩২)। তিনি ওই গ্রামের চেরাকি পাড়ার ইকরাম হোসেনের স্ত্রী। তিনি এক সন্তানের জননী।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় আকরাম হোসেন তার ছেলেকে পেটাচ্ছিল। ঠেকাতে গেলে তার বাবা সোলাইমান হোসেন ও মা তহুরা খাতুনকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে তাকে নিবৃত্ত করতে এগিয়ে যান বড় ভাবী মালা খাতুন।
এ সময় মালা খাতুনের তলপেটে ধারালো ছুরি দিয়ে আঘাত করে আকরাম। মালা খাতুনের পেট থেকে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। প্রথমে তাকে বামন্দীর একটি ক্লিনিকে ও পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান আরটিভি নিউজকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অপরদিকে হত্যাকারী আকরাম হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
জানা গেছে আকরাম হোসেন বামন্দী বাজারের একজন চা দোকানি। তবে দীর্ঘদিন থেকেই তিন মাদকাসক্ত হয়ে পড়েছিলেন।
জেবি




