
শিক্ষা জীবন নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়া সদ্য বন্ধ হয়ে যাওয়া রাজশাহী শাহমখদুম মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীদের দ্রুত মাইগ্রেশন করার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
রোববার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজশাহী নগরীর জিরোপয়েন্টে শিক্ষা জীবন নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়া এসব শিক্ষার্থী ও অভিভাবকরা মানববন্ধন করেন।
একই সঙ্গে এ কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের রাজশাহী মেডিকেল কলেজের অধীনস্থ অন্য বেসরকারি কলেজগুলোতে মাইগ্রেশন করার ব্যবস্থা করার জন্য নির্দেশ দেয়ার জন্য মানববন্ধন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানানো হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ভর্তির সময় তাদের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়েছে শাহমখদুম মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। কিন্তু মাঝ পথে এসে কর্তৃপক্ষের নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এই মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে তারা শিক্ষা জীবন নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। দ্রুত মাইগ্রেশন করে তাদের অন্যত্র পড়ালেখার সুযোগ সৃষ্টির দাবি জানানো হয়।
একই সাথে শাহমখদুম মেডিকেল কলেজ কর্তৃপক্ষের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন শিক্ষার্থীরা। এসময় শাহমখদুম মেডিকেল কলেজ হাসপাতালের প্রায় ১৭০জন শিক্ষার্থী ছাড়াও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
এর আগে বেসরকারি মেডিকেল কলেজ স্থাপন ও পরিচালনা নীতিমালা লঙ্ঘন করায় গত ২ নভেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব বদরুন নাহার স্বাক্ষরিত চিঠিতে শাহমখদুম মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী ভর্তি ও কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হয়।
একই সঙ্গে এ কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের রাজশাহী মেডিকেল কলেজের অধীনস্থ অন্য বেসরকারি কলেজগুলোতে মাইগ্রেশন করার ব্যবস্থা করার জন্য নির্দেশ দেয়া হয়।
গত ৫ নভেম্বর বৃহস্পতিবার কলেজ কর্তৃপক্ষ এ নির্দেশনা পায়।
জিএম/জিএ




