
সিলেটের পর্যটনকেন্দ্র জাফলংয়ে আবারও ক্যামেরার জন্য জীবন গেলো এক কিশোরের। দিন দুপুরে উজ্জ্বল মিয়া (১৩) নামের এক ফটোগ্রাফারকে ছুরিকাঘাতে হত্যা করে তার ক্যামেরা ও মোবাইল ফোন নিয়ে পালিয়েছে পর্যটক বেশে আসা দুই দুর্বৃত্ত।
ছিনতাইয়ের এ ঘটনাটি ঘটেছে রোববার (৬ ডিসেম্বর) দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকার অদূরে মায়াবী ঝরনায়।
গত ১৫ জুলাই পর্যটনকেন্দ্র জাফলং থেকে সাদ্দাম হোসেন নামের অপর আরেক ফটোগ্রাফারকে একই কায়দায় ছুরিকাঘাতে হত্যা করে তার ক্যামেরা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় পর্যটক বেশে আসা দুই যুবক। নির্মম এ হত্যাকাণ্ডের শিকার ওই ফটোগ্রাফারের নাম উজ্জ্বল মিয়া উপজেলার রসুলপুর গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে এবং স্থানীয় জাফলং আমির মিয়া স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।
এ নিয়ে পর্যটনকেন্দ্র জাফলংয়ে পাঁচ মাসের ব্যবধানে দুইজন ফটোগ্রাফারকে ছুরিকাঘাতে হত্যা করে তাদের ক্যামেরা এবং মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আর দিন দুপুরে একজন ফটোগ্রাফারকে হত্যা করে তার ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় পর্যটনকেন্দ্র জাফলংয়ে ট্যুরিস্ট পুলিশের দায়িত্বে নিয়োজিত থাকা কর্মকর্তাদের ভূমিকা নিয়ে স্থানীয় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শ্রমজীবী বাবার অভাব অনটনের সংসারে খানিকটা অর্থের যোগান দিতে লেখাপড়ার পাশাপাশি উজ্জ্বল মিয়া ফটোগ্রাফার এবং ট্যুরিস্ট গাইড হিসেবে কাজ করতো। প্রতিদিনের ন্যায় রোববার (৬ ডিসেম্বর) সকালেও পর্যটকদের ছবি তুলতে জাফলং জিরো পয়েন্ট এলাকায় যায় ফটোগ্রাফার উজ্জ্বল। দুপুর আড়াইটার দিকে পর্যটক বেশে আসা দুই যুবক ছবি উঠবে বলে জিরো পয়েন্ট এলাকায় গিয়ে উজ্জ্বলের সাথে চুক্তি করে। চুক্তি অনুযায়ী ছবি উঠানোর কথা বলে তারা উজ্জ্বলকে নিয়ে জিরো পয়েন্ট এলাকা থেকে মায়াবি ঝরনার দিকে যায়। যার এক পর্যায়ে সুযোগ বুঝে পর্যটক বেশে থাকা ওই দুই যুবক পিছন দিক থেকে উজ্জ্বলকে এলাপাতাড়িভাবে ছুরিকাঘাত করে ক্যামেরা ও তার ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে তিনি বিষয়টির সত্যতা নিশ্চিত করে আরটিভি নিউজকে ঘটনাটি খুবই দুঃখজনক উল্লেখ করে বলেন, যে বা যারাই এর সাথে জড়িত থাকুক তাদেরকে যত দ্রুত সম্ভব আইনের আওতায় আনা হবে। পুলিশ সে লক্ষ্যে কাজ শুরু করেছে।
পি




