
টাঙ্গাইলের কালিহাতীতে ঘরে ঢুকে তিন নারীসহ চারজনকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত সাড়ে আটটার দিকে উপজেলার বাংড়া ইউনিয়নের কুচুটি গ্রামে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন, রিয়া (১৯), তার মা রহিমা (৪৭), বড় ভাই রিয়াদুল ইসলাম (২২) ও মামাতো বোন অন্তি (১৮)। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়।
সেখানে অবস্থার অবনতি হলে গুরুতর আহত রহিমা বেগমকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। এদের মধ্যে রিয়াদুলের অবস্থাও আশঙ্কাজনক জনক বলে জানা গেছে।
আহতদের স্বজনরা জানান, আহত রিয়ার সঙ্গে কিছুদিন আগে টাঙ্গাইল সদরের নাজমুল নামের এক ফল ব্যবসায়ীর বিয়ে হয়েছিলো। কিছুদিন আগে তাদের ডিভোর্স হয়। এরপর থেকেই নাজমুল তাদের হুমকি দিয়ে আসছিল। গতকাল রোববার রাত আটটার দিকে নাজমুলসহ প্রায় নয়জন তিনটি মোটরসাইকেলে এসে রিয়াদের ঘরে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে চারজনকে জখম করে। পরে তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দ্রুত পালিয়ে যায় তারা। পরে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে বাংড়া ইউনিয়নের চেয়ারম্যান হাসমত আলী জানান, ঘরে ঢুকে চারজনকে কুপিয়ে ফেলে রেখে গেছে সাবেক স্বামী এমন খবর শুনে দ্রুত ঘটনাস্থলে যাই। আমি পৌঁছানোর আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের কঠিন শাস্তির দাবি জানান তিনি।
এ বিষয়ে কালিহাতী থানার এএসআই কাইয়ুম আরটিভি নিউজকে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেবি




