
কুষ্টিয়ায় রাতের অন্ধকারে জাতির পিতার নির্মাণাধীন ভাস্কর্য ভাঙ্গার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাভারে বিক্ষোভ মিছিল করেছে সাভার উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা।
আজ সোমবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ডে সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিকের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাভার বাজার বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে রেডিও কলোনি বাসস্ট্যান্ডে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
এর আগে রাতে একই প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ডে একটি বিক্ষোভ মিছিল বের করে সাভার থানা যুবলীগের নেতাকর্মীরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে এ সময় সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর ও সাভার থানা যুবলীগের সাধারণ সম্পাদক নাসির আহমেদসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেবি




