
নারায়ণগঞ্জের আড়াইহাজারে তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে এলাকাবাসীর হামলার শিকার হয়েছেন তিতাস গ্যাসের কর্মকর্তা-কর্মচারীরা। হামলায় আহত হন পাঁচজন। এ ঘটনায় ৩৩ জনের নাম উল্লেখ করে পাঁচশ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
গতকাল রোববার উপজেলার ঝাউগড়া উত্তরপাড়া এলাকায় অভিযানকালে তিতাস গ্যাসের কর্মকর্তাদের ইটপাটকেল নিক্ষেপ করা হয়। বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে এলাকাবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করেন। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ সাতজনকে আটক করে।এ ঘটনায় সোমবার সকালে তিতাসের সহকারী শাখা ব্যবস্থাপক মো. মেজবাউল হক বাদী হয়ে ৩৩ জনের নাম উল্লেখসহ পাঁচশ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির আড়াই হাজার শাখার সহকারী ব্যবস্থাপক মো. মেজবাউল হক আরটিভি নিউজকে বলেন, অবৈধভাবে এই এলাকায় অনেক গ্যাস সংযোগ রয়েছে।
স্থানীয় কিছু অসাধু লোকজন অবৈধ গ্যাস লাইন ব্যবহার করছিল। দুপুরের পর থেকে সংযোগ বিচ্ছিন্ন করার কাজ চলছিল একপর্যায়ে এলাকার লোকজন হামলা করে। এতে বেশ কয়েক কর্মকর্তা-কর্মচারী আহত হয়েছেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হোসেনের নেতৃত্বে পুলিশ ও তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীরা অভিযানে উপস্থিত ছিলেন।
আড়াইহাজার থানার পুলিশ পরিদর্শক শওকত হোসেন আরটিভি নিউজকে জানান, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার সময় এলাকাবাসী ইটপাটকেল নিক্ষেপ করে। তিতাস গ্যাসের গাড়ি ভাঙচুর করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করেন। এ ঘটনায় সাতজনকে আটক করা হয়। এ ঘটনায় তিতাসের সহকারী শাখা ব্যবস্থাপক মো. মেজবাউল হক। আজ সকালে ৩৩ জনের নাম উল্লেখ করে পাঁচশ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
জেবি/পি




