
মুন্সীগঞ্জ গজারিয়ার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপভ্যানের চাপায় দুইজন পথচারী নিহত হয়েছেন।আজ সোমবার সকাল পৌনে সাতটার দিকে উপজেলার মহাসড়কের বাউশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মোহন মিয়া (৫০) ও মো. নূরুল ইসলাম (৭০)। মোহন মিয়া উপজেলার পুরাতন বাউশিয়া এলাকার মৃত মহসিন মিয়ার ছেলে ও মো. নূরুল ইসলাম কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার মৃত মোকসেদ আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ভবেরচর হাইওয়ে থানার ইনচার্জ (ওসি) মো. সালাউদ্দিন জুয়েল আরটিভি নিউজকে জানান, কুমিল্লাগামী পিকআপ ভ্যানটি সকালে কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুই পথচারীকে চাপা দিয়ে পাশের দোকানের ভেতর ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই ওই দুই পথচারীর মৃত্যু হয়।
তিনি আরও জানান, গাড়িচালক পালিয়ে যায়। পিকআপভ্যানটি জব্দ করা হয়েছে।নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জেবি/পি




