
উত্তরের জনপদ দিনাজপুর। দিনাজপুরের সর্ব দক্ষিণে অবস্থিত হাকিমপুর (হিলি) উপজেলা। গেলো কয়েকদিন হালকা শীত অনুভব হলেও গতকাল রোববার থেকে শীতের প্রকোপ এবং ঘন কুয়াশা বৃদ্ধি পেয়েছে। হঠাৎ করেই ঘন কুয়াশায় ঢাকা পড়েছে হাকিমপুর (হিলি) উপজেলাসহ আশপাশের এলাকা। দিনের বেলাতেও যানবাহনগুলো লাইট জ্বালিয়ে চলাচল করছে। আগামীতে শীতের তীব্রতা নিয়ে শঙ্কায় আছে এ অঞ্চলের মানুষ। শীতার্ত অসহায় মানুষেরা গরম কাপড়ের জন্য তাকিয়ে আছে সরকার ও বিত্তশালীদের দিকে।
কথা হয় রিকশাচালক বেলালের সঙ্গে। তিনি জানান, গতকাল থেকে ঘন কুয়াশা পড়তে শুরু করেছে। সকালবেলা বাড়ি থেকে বের হওয়া যায়নি। এখন বেলা ১১টা বাজে। তবুও কুয়াশা কমছে না। মানুষ কুয়াশার কারণে বাড়ি থেকে বের হচ্ছে না। যার জন্য যাত্রী তেমন রিকশায় উঠছে না। হঠাৎ করে ঘন কুয়াশা পড়ার কারণে চরম বিপাকে পড়তে হচ্ছে আমাদের। বাড়িতে পরিবার আছে। তাদের কথা চিন্তা করেই বাধ্য হয়েই রিকশা নিয়ে বের হয়েছি।
দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন আরটিভি নিউজকে জানান, আজ সোমবার দিনাজপুরে সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা আগামীতে আরও কমে আসবে এবং এ মাসের মাঝামাঝি একটি শৈত্যপ্রবাহ হতে পারে বালেও তিনি জানান।
জেবি




