
কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে নরসিংদী শহর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে শহরের পশ্চিম কান্দাপাড়া এলাকায় পৌরসভা কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে শেষ হয়। পরে সেখানেই কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নরসিংদী শহর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মো. কামরুজ্জামানের সভাপতিত্বে বিক্ষোভ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মো. আলী, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু, জেলা যুবলীগের সভাপতি বিজয় গোস্বামী, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শামীম নেওয়াজ, জেলা শ্রমিক লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভূইয়া, জেলা মহিলা লীগের সভাপতি ফাতেমা সরকার সুমী, সাধারণ সম্পাদক ইয়াসমিন সুলতানা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দীপু মাহমুদ, সাধারণ সম্পাদক রঞ্জন সাহা, জেলা কৃষক লীগের সভাপতি আসাদ মিয়া, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রিপন ও জেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুল হাসান মিন্টু।
সমাবেশে বক্তারা বলেন, আমরা জঙ্গিবাদ, মৌলবাদী এই উগ্রবাদী গোষ্ঠীকে স্পষ্ঠভাবে বলতে চাই, বঙ্গবন্ধু মানে স্বাধীনতা, বঙ্গবন্ধু মানে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু মানে বাংলাদেশের চেতনা। আর এই চেতনার ওপর আঘাত করা মানে দেশের ওপর আঘাত। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি এই উগ্রবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিহত করার আহ্বান জানাচ্ছি।
জেবি




