
পিরোজপুরের ইন্দুরকানীতে ভাগ্নিকে উত্যক্ত করার প্রতিবাদ করায় তিন মামাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে স্থানীয় বখাটেরা। এ ঘটনায় পুলিশ ২ অভিযুক্তকে আটক করেছে।
আজ বুধবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলার খোলপটুয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন- খোলপটুয়া গ্রামের হাসেম আলী শরীফের ছেলে জাকির শরীফ (৪০), জাহাঙ্গীর শরীফ (৫০) এবং লিটন শরীফ (২৮)।
হামলার শিকার ভুক্তভোগীরা জানান, তিনদিন আগে জাহাঙ্গীর শরীফের এক ভাগ্নি খুলনা থেকে তাদের বাড়িতে বেড়াতে আসেন। এরপর গতকাল মঙ্গলবার সন্ধ্যায় অন্য তিনটি মেয়ের সঙ্গে গ্রামে ঘুরতে বের হয় সে। তখন স্থানীয় কিছু বখাটে তাদের তাড়া করলে তারা পার্শ্ববর্তী একটি বাড়িতে আশ্রয় নেয়। পরবর্তীতে তাদের মামারা বিষয়টি নিয়ে প্রতিবাদ করায় তাদের দেখে নেওয়ার হুমকি দেয় বখাটেরা। এরপর আজ বুধবার সকালে জাকির, জাহাঙ্গীর ও লিটন কাজের জন্য বাইরে বের হলে বখাটেদের নেতৃত্বে ৮-১০ জন হাতুড়ি, লোহার শাবল এবং ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। গুরুতর আহত তিনজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করে স্বজনরা। সেখান থেকে তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। এরপর সেখান থেকে মোস্তফা ও মালেক নামে দুই জনকে আটক করে পুলিশ। তবে এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কোনও মামলা দায়ের হয়নি বলে জানান তিনি।
এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।
এসএস




