
নওগাঁর বদলগাছী উপজেলায় দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার গন্ধবপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার চকবিলা গ্রামের মৃত ইব্রাহিম আলী সরদারের ছেলে মাহাবুবুল আলম (৩৮) ও পশ্চিম মাতাপুর গ্রামের মৃত আমিনুর রহমান সরকারের ছেলে লিটন হোসেন (৩০)।
এ সময় তাদের কাছ থেকে ৮৮৬ পিস ইয়াবা ট্যাবলেট, ১৮.৫ গ্রাম হেরোইন, ৩৭ বোতল ফেনসিডিল, ১৪০ পিস বুপ্রেনোরফিন ইঞ্জেকশন, একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন, চারটি সিমকার্ড ও একটি মেমোরি কার্ড উদ্ধার করা হয়েছে।আজ বুধবার সকাল ১০টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানায় র্যাব।
প্রেস বিজ্ঞপ্তির তথ্য মতে, মাদক কেনাবেচা হচ্ছে এ তথ্যের ভিত্তিতে গন্ধবপুর এলাকায় অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. মোহাইমেনুর রশিদ পিপিএম সেবা জানান, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানিয়েছেন দীর্ঘদিন যাবত তারা হিলি ও পাঁচবিবি সীমান্ত এলাকা থেকে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য সংগ্রহ করে স্থানীয় রাজনৈতিক ছত্রছায়ায় আক্কেলপুর, বদলগাছি এলাকার যুব সমাজের কাছে সরবরাহ ও বিক্রয় করে আসছিলেন।
তিনি আরও বলেন, আটকের পর আসামিদের বিরুদ্ধে বদলগাছি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
জেবি




