
খাগড়াছড়িতে বাড়ছে শীতজনিত রোগ। চলতি মাসের এক সপ্তাহে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চার শিশুর মৃত্যু হয়েছে খাগড়াছড়ি সদর হাসপাতালে। সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ৩০ শিশু। খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ এ তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, বিগত ৭-৮ দিন ধরে খাগড়াছড়ি সদর হাসপাতালের শিশু ওয়ার্ড ও বহিঃবিভাগে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে রোগী আসতে শুরু করেছে। প্রতিদিন গড়ে ২০-২৫ জন রোগী চিকিৎসা নিচ্ছে। ভর্তি রয়েছে ৩০ শিশু।
খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নূপূর কান্তি দাশ জানান, নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ বিভিন্ন শীতজনিত রোগে আক্রান্ত হয়ে রোগী আসছেন হাসপাতালে। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই শিশু। এ সময়ে আতঙ্কিত না হয়ে শিশু ও বয়স্কদের বাড়তি যত্নের পাশাপাশি কোনও লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
জেবি




